প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ এএম

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কৃষকের ধান। ছবি : সময়ের আলো
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কৃষকের ধান। ছবি : সময়ের আলোগত কয়েক দিনের টানা বর্ষণে চাঁদপুরের কচুয়া উপজেলায় আমন ধান চাষিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে বিভিন্ন এলাকার পাকা ধান তলিয়ে যাওয়ায় ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তবে কৃষি বিভাগের দাবি, বৃষ্টিতে কিছু এলাকায় কৃষকরা ভোগান্তিতে পড়লেও উপজেলায় উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়নি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কচুয়ায় রোপা আমন ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ২২ হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে ৪ হাজার ৪৫ হেক্টর জমিতে। এ বছর রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৭৮ মেট্রিক টন। অন্যদিকে বোনা আমনের আবাদ লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৮৮০ হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে ৮ হাজার ১৫০ হেক্টর জমিতে। এ খাতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৭৪৭ মেট্রিকটন। কয়েক দিনের টানা বর্ষণের কারণে অনেক জমিতে পানি জমে রয়েছে এতে করে পাকা ধান নষ্ট হয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, এ বছর আমন ধানের ফলন ভালো হয়েছে। অনেক কৃষক পাকা ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে জমিতে পানি জমে ধান তলিয়ে গেছে। এতে ধান নষ্ট হওয়ার পাশাপাশি সময়মতো ফসল ঘরে তোলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তেগুরিয়া গ্রামের কৃষক আবুল বাশার জানান, এ বছর তিনি প্রায় ৬০ শতক জমিতে আমন ধানের আবাদ করেছেন। ফলনও ভালো হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে তার পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এতে আর্থিক ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
এদিকে চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ইতোমধ্যে অনেক কৃষক জমিতে আলুর বীজ রোপণ ও সার প্রয়োগ করেছেন। তবে টানা বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় আলুর বীজ পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ বলেন, ইতোমধ্যে উপজেলায় আমন ধান কাটা শুরু হয়েছে। এ বছর আমন ধানের ফলন ভালো হয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক কিছুটা ভোগান্তিতে পড়েছেন। তবে উপজেলায় উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়নি। মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা বিভিন্ন ব্লকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ক্ষতিগ্রস্ত জমির তথ্য সংগ্রহ করছেন।
সময়ের আলো/জোই