প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পিএম

জয়নাল মুন্সী জিসান। ছবি : সময়ের আলো
জয়নাল মুন্সী জিসান। ছবি : সময়ের আলোগোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী জয়নাল মুন্সী জিসানকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। থানায় আগুন দেওয়ার ভিডিও ফেসবুকে প্রকাশ করে উল্লাস করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরদিন সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল মুন্সীর বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামে। তবে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদরেও তার পরিবারের একটি বাড়ি রয়েছে। প্রায় এক মাস আগে নগরকান্দার পুরাপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
নগরকান্দা থানা পুলিশের দাবি, গ্রেফতারের পর জয়নালের মোবাইল ফোন পরীক্ষা করে মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। গত ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে ওই ঘটনা ঘটে। এ ছাড়া অগ্নিসংযোগের ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে উল্লাস করার প্রমাণও মিলেছে। ভিডিওটি তার মোবাইল ফোনে সংরক্ষিত ছিল বলেও জানিয়েছে পুলিশ।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরকান্দা থানার একটি মামলায় জয়নাল মুন্সীকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই