প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:৪২ পিএম

আসাদ মোল্যাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি : সময়ের আলো
আসাদ মোল্যাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি : সময়ের আলোনড়াইলের নড়াগাতীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে আসাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শেখ হামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আসাদ মোল্যা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়। তিনি নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকার আমির মোল্যার ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ২১ মার্চ সকালে শিশুটির বাবা তাজ বিশ্বাস ও মা মনিরা বেগম কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় তাদের আট বছর বয়সী মেয়ে বাড়িতে একা ছিল। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
সেদিন দুপুর ১২টার দিকে প্রতিবেশী আসাদ মোল্যা শিশুটিকে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান। পরে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা মহাজন বাজার এলাকা থেকে আসাদ মোল্যাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে আহত অবস্থায় তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় শিশুটির বাবা তাজ বিশ্বাস বাদী হয়ে নড়াগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন।
মামলার দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগী শিশুকে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা ম্যাজিস্ট্রেটকেও নির্দেশ দেওয়া হয়েছে।
সময়ের আলো/জোই