নড়াইলে সাম্প্রদায়িক হামলার খবর গুজব, প্রকৃত ঘটনা জানাল পুলিশ

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছে জেলা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে

2026-11-21T17:57:37+00:00
2026-11-21T17:58:08+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
নড়াইলে সাম্প্রদায়িক হামলার খবর গুজব, প্রকৃত ঘটনা জানাল পুলিশ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম  আপডেট: ২১.১১.২০২৬ ৫:৫৮ পিএম
পুলিশ সুপারের অফিস। ছবি : সময়ের আলো
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছে জেলা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্যকে মিথ্যা ও বানোয়াট দাবি করে ঘটনার প্রকৃত বিবরণ তুলে ধরেছেন পুলিশ সুপার।

শনিবার (২১ নভেম্বর) জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেন্দারচর গ্রামে কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবার কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।

পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পূর্বে ধারণ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এসব ভিডিওর মাধ্যমে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টা চালানো হচ্ছে।

পুলিশ জানায়, প্রকৃত ঘটনা ছিল রাজনৈতিক বিরোধ ও হত্যাকাণ্ডকেন্দ্রিক। গত ১৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর স্লুইসগেট সংলগ্ন বটতলায় বিএনপির একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে দুজন নিহত হন।

নিহতরা হলেন, কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০)। শাহীন শেখ কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের নিসার শেখের ছেলে। সোহেল মোল্যা বড় কালিয়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে।

জোড়া হত্যাকাণ্ডের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করে। তারা হলেন, বেন্দারচর গ্রামের বুলু বিশ্বাসের দুই ছেলে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১)।


পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহতদের বিক্ষুব্ধ স্বজন এবং বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের নেতা-কর্মীদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান।

খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকার সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক।

এ ধরনের অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার।

সময়ের আলো/জোই
  বিষয়:   নড়াইল  কালিয়া  বেন্দারচর  সাম্প্রদায়িক হামলার গুজব  নড়াইল জেলা পুলিশ  পুলিশ সুপার  বিএনপি  আওয়ামী লীগ  জোড়া হত্যাকাণ্ড  ভুয়া ভিডিও  এআই অপপ্রচার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: