সাত কোটি টাকার শান্তিনিবাস তিন বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে সরঞ্জাম

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

অসহায় ও আশ্রয়হীন প্রবীণদের নিরাপদ আবাসন, চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে

2026-11-21T17:41:54+00:00
2026-11-21T17:41:54+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাত কোটি টাকার শান্তিনিবাস তিন বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে সরঞ্জাম
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম 
ময়মনসিংহের শান্তিনিবাস। ছবি : সময়ের আলো
অসহায় ও আশ্রয়হীন প্রবীণদের নিরাপদ আবাসন, চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ‘শান্তিনিবাস’। তবে নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও চালু হয়নি প্রতিষ্ঠানটি। ফলে অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে মূল্যবান আসবাবপত্র ও চিকিৎসাসামগ্রী। অন্যদিকে সরকারি এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অসহায় প্রবীণ নাগরিকরা।

ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার শম্ভুগঞ্জে সরকারি শিশু পরিবার (বালক) চত্বরে নির্মিত ২৫ শয্যার এই শান্তিনিবাসের বর্তমান চিত্র এমনই। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় জনবল ও বরাদ্দ না পাওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। সেটি শেষ হলেই চালু করা হবে শান্তিনিবাস।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতর ‘৮টি সরকারি শিশু পরিবারে ২৫ শয্যাবিশিষ্ট শান্তিনিবাস স্থাপন’ প্রকল্পের আওতায় এটি নির্মাণ করে। ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদের প্রকল্পটির মোট ব্যয় ছিল ৭৩ কোটি ৯৮ লাখ ৯১ হাজার টাকা। এর মধ্যে ময়মনসিংহের শান্তিনিবাস নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৯৫ লাখ ৫২ হাজার টাকা।


২০২২ সালের ২০ সেপ্টেম্বর ভবনটির নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষে ২০২৩ সালের ১৪ নভেম্বর তৎকালীন সরকারপ্রধান এটি উদ্বোধন করেন। ভবন নির্মাণের পাশাপাশি প্রবীণদের ব্যবহারের জন্য বিছানা, আলমারি, টেবিল, লিফট, চিকিৎসাসামগ্রী ও ব্যায়ামের সরঞ্জামসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়। কিন্তু উদ্বোধনের পর দীর্ঘ সময় পার হলেও সেখানে একজন প্রবীণকেও রাখা হয়নি।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, তিনতলা ভবনটির প্রায় সব কক্ষ তালাবদ্ধ। ভেতরে বিছানা, আলমারি, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পড়ে রয়েছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় সেগুলোতে ধুলার আস্তরণ জমেছে। বিভিন্ন কক্ষে বৃষ্টির পানি ঢুকে আসবাবপত্রের ক্ষতি হচ্ছে। পানি থেকে রক্ষার জন্য কোনো কোনো খাটের ওপর টেবিল ও আলমারি তুলে রাখা হয়েছে।

ভবনের নিচতলায় চিকিৎসকের কক্ষে বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে চিকিৎসাসামগ্রী। পাশের ব্যায়ামাগারে রয়েছে শরীরচর্চার বিভিন্ন সরঞ্জাম। এ ছাড়া ডাইনিং রুম, রান্নাঘর, অতিথিকক্ষ এবং দ্বিতীয় ও তৃতীয় তলার কক্ষগুলোতেও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বিছানাসহ নানা প্রয়োজনীয় সামগ্রী। এরই মধ্যে অনেক আসবাবপত্র নষ্ট হয়ে গেছে।


ভবনের প্রতিটি তলায় থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদও শেষ হয়েছে। প্রবীণদের ওঠানামার সুবিধার্থে লিফট স্থাপন করা হলেও সেটি একদিনের জন্যও ব্যবহার করা হয়নি। বিদ্যুৎ সংযোগ থাকলেও প্রায় আড়াই লাখ টাকা বিল বকেয়া পড়ায় সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃষ্টির সময় ভবনের বিভিন্ন স্থানে পানি জমে থাকে। পানি নিষ্কাশনের সরু পাইপ ময়লা ও গাছের পাতায় আটকে যাওয়ায় পানি বের হতে পারে না। ফলে বিভিন্ন কক্ষে পানি ঢুকে আসবাবপত্র নষ্ট হচ্ছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় প্রায় সব আসবাবপত্রই ক্ষতির মুখে পড়েছে।

সরকারি শিশু পরিবারের কারিগরি প্রশিক্ষক মো. মোসলেম মিয়া বলেন, প্রবীণদের দেখাশোনা ও থাকার জন্য শান্তিনিবাসটি নির্মাণ করা হয়েছে। এখানে দামি বিছানা ও আসবাবপত্র রয়েছে। পুরো ভবনের সুযোগ-সুবিধা অনেকটা পাঁচ তারকা হোটেলের মতো। প্রবীণদের ওঠানামার জন্য লিফট এবং চিকিৎসার সরঞ্জামও রাখা হয়েছে। কিন্তু দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় আলমারি, বিছানাপত্র, মশারি, কাপড়সহ বিভিন্ন সামগ্রী নষ্ট হচ্ছে। বৃষ্টির পানি ঢুকেও আসবাবপত্রের ক্ষতি হচ্ছে।


সমাজসেবা অধিদফতরের তথ্যমতে, ৬০ বছরের বেশি বয়সী পরিত্যক্ত, অসহায়, দরিদ্র ও অবহেলিত প্রবীণদের জন্য এই প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। এখানে ২৫ জন প্রবীণের নিরাপদ আবাসন, খাবার, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শান্তিনিবাসটি সরকারি শিশু পরিবারের অভ্যন্তরে নির্মাণের পেছনে বিশেষ উদ্দেশ্যও ছিল। এতিম শিশুরা যাতে প্রবীণদের কাছ থেকে দাদা-দাদি বা নানা-নানির স্নেহ পায় এবং প্রবীণরাও শিশুদের সান্নিধ্যে একাকিত্ব কাটাতে পারেন, সে পরিকল্পনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানটি চালু না হওয়ায় সেই উদ্দেশ্যও বাস্তবায়িত হচ্ছে না।

প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার বলেন, ময়মনসিংহে আধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে শান্তিনিবাস নির্মাণ করা হলেও এখনো চালু হয়নি। জনবলের অভাবে মূল্যবান জিনিসপত্র নষ্ট হচ্ছে। এটি চালু হলে প্রবীণ নাগরিকেরা তাদের প্রাপ্য অধিকার ও সেবা ভোগ করতে পারবেন।


তিনি বলেন, সরকারের অনেক ভালো উদ্যোগ থাকলেও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গাফিলতির কারণে মানুষ সেসবের সুফল পায় না। শম্ভুগঞ্জে প্রবীণদের জন্য এত বড় আয়োজন করা হয়েছে, অথচ তা কাজে আসছে না। এতে অসহায় প্রবীণরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, পাশাপাশি সরকারি অর্থে কেনা সরঞ্জামও নষ্ট হচ্ছে। দ্রুত শান্তিনিবাসটি চালুর দাবি জানান তিনি, যাতে কোনো প্রবীণকে অবহেলায় রাস্তায় পড়ে থাকতে না হয়।

অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ও নারী নেত্রী লীলা রায় বলেন, প্রবীণ পুরুষদের জন্য সরকারের এই উদ্যোগ দ্রুত কার্যকর করা প্রয়োজন। একই সঙ্গে প্রবীণ নারীদের জন্যও এ ধরনের পৃথক আবাসনকেন্দ্র নির্মাণের দাবি জানান তিনি।


সরকারি শিশু পরিবারের প্রশিক্ষক সৈয়দ জাহাঙ্গীর আলমও জনবলের অভাবে প্রতিষ্ঠানটি চালু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আধুনিক সব সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও শান্তিনিবাসটি পড়ে রয়েছে। এরই মধ্যে বিভিন্ন জিনিসপত্র নষ্ট হচ্ছে। এটি চালু হলে প্রবীণ নাগরিকেরা তাদের অধিকার ও প্রয়োজনীয় সেবা পাবেন।

এ বিষয়ে সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মো. রাজু আহমেদ বলেন, সম্প্রতি সমাজকল্যাণমন্ত্রী প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন এবং দ্রুত চালুর আশ্বাস দিয়েছেন। শান্তিনিবাসের অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। এখন প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। জনবল ও বরাদ্দ পাওয়া গেলেই কার্যক্রম শুরু করা হবে।

তিনি জানান, এখানে প্রবীণদের থাকা-খাওয়া, চিকিৎসা ও হালকা ব্যায়ামের ব্যবস্থা থাকবে। এ জন্য একজন কর্মকর্তা, কেয়ারগিভার, কম্পাউন্ডার, স্বাস্থ্যসেবাকর্মী ও থেরাপিস্ট নিয়োগের পরিকল্পনা রয়েছে। সরঞ্জাম নষ্ট হওয়ার বিষয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানটি চালু হলে নিয়মিত ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে এ সমস্যা থাকবে না।

সময়ের আলো/জোই
  বিষয়:   ময়মনসিংহ  শান্তিনিবাস  প্রবীণ নিবাস  সরকারি শিশু পরিবার  সমাজসেবা অধিদপ্তর  প্রবীণদের অধিকার  সরকারি প্রকল্প  অব্যবস্থাপনা  সরকারি অর্থের অপচয়  শম্ভুগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: