মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে ট্রলারে জিম্মি, সাত দিন পর উদ্ধার ২৮

কক্সবাজার সংবাদদাতা

সারাদেশ

মালয়েশিয়ায় ভালো কাজ ও জীবিকার আশ্বাস দিয়ে ৭০ জনকে ট্রলারে তুলে অস্ত্রের মুখে গভীর সমুদ্রে নিয়ে জিম্মি করে রাখার অভিযোগ

2026-11-21T17:35:02+00:00
2026-11-21T17:35:02+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে ট্রলারে জিম্মি, সাত দিন পর উদ্ধার ২৮
কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম 
পয়েন্ট-সংলগ্ন সৈকতে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রলার থেকে এক নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করে পুলিশ । ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় ভালো কাজ ও জীবিকার আশ্বাস দিয়ে ৭০ জনকে ট্রলারে তুলে অস্ত্রের মুখে গভীর সমুদ্রে নিয়ে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে একটি মানবপাচার চক্রের বিরুদ্ধে। সাত দিন ধরে খাবার না দিয়ে নির্যাতন, পরিবারের কাছে মুক্তিপণ দাবি, টাকা দিতে না পারলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত- এমন ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন কক্সবাজারে উদ্ধার হওয়া ব্যক্তিরা। তাদের অভিযোগ, কয়েকজনকে লাথি মেরে সাগরেও ফেলে দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট-সংলগ্ন সৈকতে একটি ট্রলার আটকে যায়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় ট্রলার থেকে এক নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য, ট্রলারটিতে প্রায় ৭০ জন ছিলেন। তাদের মধ্যে কয়েকজন সাগরে ঝাঁপ দেন, আর কয়েকজন স্পিডবোটে করে পালিয়ে যান। বাকিরা ট্রলারটি নিয়ে সৈকতের দিকে আসেন।

ভুক্তভোগীদের কেউ মালয়েশিয়ায় যাওয়ার আশায় ট্রলারে উঠেছিলেন। আবার কাউকে কাজ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। তাদের কয়েকজনকে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ২৮ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।


এ দিকে, মানবপাচার প্রতিরোধে বাংলাদেশে ২০২৬ সালের ১০ এপ্রিল কার্যকর হয়েছে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬। এ আইনে মানবপাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে।

আইনের ৬ ধারায় মানবপাচারের অপরাধে সর্বনিম্ন পাঁচ বছর সশ্রম কারাদণ্ড থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি কমপক্ষে ৫০ হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছে। সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মানবপাচার প্রমাণিত হলে ৭ ধারায় মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

অন্যদিকে, ১৫ ধারায় অভিবাসী চোরাচালানের অপরাধে তিন থেকে ১০ বছরের কারাদণ্ড এবং কমপক্ষে এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এ ধরনের অপরাধে কারও জীবন বিপন্ন করা বা গুরুতর নির্যাতনের প্রমাণ পাওয়া গেলে আরও কঠোর শাস্তির বিধান রয়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   মালয়েশিয়া  নেওয়া  কথা বলে  ট্রলারে জিম্মি  সাত দিন পর  উদ্ধার ২৮  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: