প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম
ছবি : সময়ের আলোএসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (১৯ নভেম্বর) রাতে সিআইডির ঢাকা ক্রাইম শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়। শনিবার (২১ নভেম্বর) পাঁচলাইশ মডেল থানার ওসি মোজাম্মেল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) এবং বোর্ডের প্রোগ্রামার আবদুল মালেক (৫৬)। তাদের মধ্যে ফরহাদুল ইসলামের বাড়ি আনোয়ারা উপজেলায়, শহিদুল আলম জিসানের নগরের হালিশহরে এবং আবদুল মালেকের চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়।
সিআইডির ঢাকা ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক রাসেলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তদন্ত কর্মকর্তা পরিদর্শক রাসেল জানান, এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুতের দায়িত্বে ছিলেন কম্পিউটার বিভাগের এই তিন কর্মী। তদন্তে ফলাফল জালিয়াতির সঙ্গে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ প্রায় ১৩ বছর ধরে একই দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, এই তিনজনের বাইরে জালিয়াতির ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এর আগেও একাধিকবার ফলাফল জালিয়াতির ঘটনা উদঘাটিত হয়েছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই সর্বশেষ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সময়ের আলো/জোই