প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৩০ পিএম আপডেট: ২১.১১.২০২৬ ৬:৩৮ পিএম
শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা করলেন নেতাকর্মীরা। ছবি : সময়ের আলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন দাবি করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন নেতাকর্মী ও স্থানীয়রা।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলাম স্থানীয়দের নিয়ে সমাধি সৌধ ধোয়া-মোছার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগদের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।
সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে অনেক নারী শিশু, সাধারণ মানুষ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা সামগ্রী নিয়ে শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ধোয়া মোছার কাজ করছেন। তখন তাদের কাছে জানতে চাইলে অংশগ্রহণকারীরা জানান, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় বিবেচনা থেকে নয়, বরং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতি ভালোবাসা থেকেই সকাল থেকে সমাধি সৌধের প্রাঙ্গণ পরিষ্কার করছেন। কারণ ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া ফিরেই দেখতে পারেন তার পিতার সমাধি টুঙ্গিপাড়ায় আগের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে।
ডুমরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিন মোর্তুজা বলেন, ‘জাতির পিতার সমাধি সৌধে দীর্ঘ ২৭ মাস ধরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন অন্যায় অবিচার করে আমাদের দাবিয়ে রাখা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে আসবনে। এটিকে কেন্দ্র করে আজকে সমাধি কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। এই কাজ সরকারিভাবে করা হচ্ছে না। সাধারণ জনগণ ভালোবেসে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন।’
টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক বলেন, ‘আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনবো, এই শপথ নিয়ে আমরা শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ পরিষ্কার করছি। যাতে আমাদের নেত্রী টুঙ্গিপাড়া এসে দেখতে পারেন জাতির পিতার সমাধিসৌধ ঝকঝক করছে। এছাড়া যতদিন শেখ হাসিনা দেশে না আসবেন, ততদিন আমাদের লড়াই সংগ্রাম চলমান থাকবে।’
টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘ইউনূস ও তারেক রহমানের সরকার শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বন্ধ করে রেখেছিলো। আজ যখন গোপালগঞ্জ স্বাধীন, আমরা এসে দেখি সমাধিসৌধের অবস্থা খুবই জরাজীর্ণ। যে স্থানে একটা পাতা পড়লে সরিয়ে নেওয়া হতো সেই স্থান ময়লা আবর্জনায় ভরপুর। তখন বিভিন্ন গ্রাম থেকে আপামর জনতা এসে শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে।
এবিষয়ে পুলিশ বা প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সময়ের আলো/জোই