পাহাড়ে শুরু হয়েছে রাস মহোৎসব, ধর্মীয় উৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান, মহানাম সংকীর্তন আর মেলা ঘিরে উৎসবমুখর পরিবেশ খাগড়াছড়ি কেন্দ্রীয় শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণ। ভগবান শ্রীকৃষ্ণের

2026-11-24T14:03:09+00:00
2026-11-24T14:03:09+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
পাহাড়ে শুরু হয়েছে রাস মহোৎসব, ধর্মীয় উৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:০৩ পিএম 
খাগড়াছড়ি কেন্দ্রীয় শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে মেলা। ছবি : সময়ের আলো
খাগড়াছড়ি কেন্দ্রীয় শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে মেলা। ছবি : সময়ের আলো
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান, মহানাম সংকীর্তন আর মেলা ঘিরে উৎসবমুখর পরিবেশ খাগড়াছড়ি কেন্দ্রীয় শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণ। ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা উপলক্ষ্যে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও রাস মহোৎসবকে ঘিরে বসেছে জমজমাট রাসমেলা। ধর্মীয় উৎসব হলেও পাহাড়ি-বাঙালি নানা সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মেলা পরিণত হয়েছে সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায়।

গত ২২ নভেম্বর শুভ মঙ্গল অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় রাস মহোৎসবের আনুষ্ঠানিকতা। মন্দির প্রাঙ্গণে চলছে মহানাম সংকীর্তন, পূজা-অর্চনা ও রাসলীলা প্রদর্শনী। ভক্তদের পাশাপাশি উৎসব উপভোগ করতে ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থী। মেলায় শিশুদের খেলনা, বিভিন্ন রকমারি পণ্য, খাবারের দোকানসহ বসেছে নানা স্টল। কেনাকাটা, খাবার আর আনন্দে মেতে উঠেছেন পাহাড়ের বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ।

মেলায় আসা দর্শনার্থীরা বলছেন, ধর্মীয় প্রার্থনার পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে মেলা ঘুরে আনন্দ উপভোগ করছেন তারা। এমন আয়োজন পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে।

রাস মহোৎসব এ আসা দর্শনার্থী পূজা দাশ জানান, রাস মহোৎসবে এসে ভগবানের কাছে নিজের পাশাপাশি পরিবার এবং বিশ্বের সবার মঙ্গল ও শান্তির জন্য প্রার্থনা করেছি। মেলা ঘুরে খুব ভালো লাগছে। এখানে সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে রাস উৎসব আর মেলা উপভোগ করছে। এমন পরিবেশ পাহাড়ের সম্প্রীতি আরও বাড়িয়ে তোলে।

আরেক দর্শনার্থী নমিতা ত্রিপুরা জানান, পরিবার নিয়ে মেলায় এসেছি। ধর্মীয় অনুষ্ঠান দেখতে পারছি, পাশাপাশি বাচ্চাদের নিয়ে মেলা ঘুরছি, কেনাকাটা করছি। পাহাড়ে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এভাবে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে, এটা খুব সুন্দর একটা দৃষ্টান্ত।

আরেক দর্শনার্থী গাব্রেল ত্রিপুরা জানান, আমি পরিবার নিয়ে রাস মহোৎসবে ভগবানের লীলা প্রদর্শনী দেখলাম। এখানে ভগবানের যুগে যুগে অবতারের রূপ প্রদর্শন করেছেন তারা। রাস উৎসব উপলক্ষ্যে বড় মেলাও বসেছে। এখন দেখি মেলায় কিছু নিতে পারি কি-না?


মেলায় শিশুদের আকর্ষণ বাড়াতে নানা ধরনের খেলনা নিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। অন্যদিকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। মেলা ঘিরে সাময়িক কর্মসংস্থান ও বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের।

শিশুরের খেলনা বিক্রেতা মো. আনোয়ার বলেন, রাসমেলা উপলক্ষ্যে আমরা খেলনা নিয়ে দোকান বসিয়েছি। শিশুদের জন্য নানা ধরনের খেলনা এনেছি। মেলায় মানুষের সমাগম ভালো হচ্ছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি আমাদের মতো ছোট ব্যবসায়ীদেরও কিছু আয়-রোজগারের সুযোগ হয়।

ফুচকা বিক্রেতা দোকানদার মো. দেলোয়ার বলেন, মেলা উপলক্ষে বিভিন্ন এলাকার মানুষ আসছেন। অনেকে পরিবার নিয়ে ঘুরছেন, ফুচকা খাচ্ছেন। এ ধরনের উৎসব হলে আমাদের ব্যবসা ভালো হয়। এধরণের ধর্মীয় অনুষ্ঠান ও মেলা মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দেয়, পাশাপাশি ব্যবসায়ীদেরও উপকার হয়।


খাগড়াছড়ি কেন্দ্রীয় শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পুরোহিত রতন চক্রবর্তী জানান, ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা উপলক্ষ্যে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সবার মঙ্গল কামনায় আমরা প্রতিবছরের ন্যায় এই বছর মন্দিরে মহানামযজ্ঞের আয়োজন করেছে কমিটি। ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে শান্তি, ভালোবাসা ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হোক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করেছি।

বিশ্ব মানবতার কল্যাণ, জীবের দুঃখ-কষ্ট থেকে মুক্তি ও বিশ্বশান্তি কামনায় রাস মহোৎসবের আয়োজন করেছে রাস মহোৎসব উদযাপন কমিটি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, ঐক্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

খাগড়াছড়ি রাস মহোৎসব উদযাপন কমিটির সভাপতি বিমল দেবনাথ বলেন, প্রতিবছর রাসলীলা উপলক্ষ্যে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও রাসলীলা প্রদর্শনীর আয়োজন করে থাকি। পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। এই উৎসবের মধ্য দিয়ে সবাই একত্রিত হন, আনন্দ ভাগাভাগি করেন। ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, ঐক্য ও সম্প্রীতি তৈরি করে। আমরা চাই পাহাড়ে সব সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি বজায় থাকুক এটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। 


আগামী ২৫ নভেম্বর বুধবার উষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে শেষ হবে রাস মহোৎসবের ধর্মীয় আয়োজন।

পাহাড়ে ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতি আর ভিন্ন পরিচয়ের মানুষ হলেও উৎসবের আনন্দে সবাই যেন একাকার। রাস মহোৎসবকে ঘিরে খাগড়াছড়ির এই আয়োজন শুধু ধর্মীয় উৎসব নয়, বরং সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক বন্ধনের এক অনন্য প্রতিচ্ছবি। এমন উৎসব পাহাড়ের শান্তি ও সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিচ্ছে সবার মাঝে।

সময়ের আলো/জোই
  বিষয়:   খাগড়াছড়ি  পাহাড়  রাস মহোৎসব  ধর্মীয় উৎসব  সম্প্রীতি  সৌহার্দ্যের বার্তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: