দিল্লিতে ফের আটক নেহা বোরা, পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ চলাকালে আবারও আটক হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। রোববার (১১ অক্টোবর) প্রধান

2026-10-11T18:58:08+00:00
2026-10-11T18:58:08+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
দিল্লিতে ফের আটক নেহা বোরা, পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:৫৮ পিএম 
ভারতের অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। ছবি : আনন্দবাজার
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ চলাকালে আবারও আটক হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। রোববার (১১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ থেকে তাকে আটক করে পুলিশ।  

আটকের পর দিল্লি পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের গাদাগাদি করে রাখার পাশাপাশি নির্যাতনের অভিযোগ তুলেছেন নেহা বোরা। তাঁর দাবি, বিক্ষোভকারীদের আটকে রাখতে বিশেষভাবে তৈরি কক্ষযুক্ত বাস ব্যবহার করা হচ্ছে, যেখানে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার মতো পর্যাপ্ত জায়গাও নেই। এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির বিভিন্ন স্থান থেকে শতাধিক মানুষকে আটক করা হয়েছে।  

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নেহা বোরা পুলিশের আটক রাখার ব্যবস্থা নিয়ে অভিযোগ করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বাসটিতে চারটি আলাদা কক্ষ রয়েছে এবং সেখানে শ্বাস নেওয়ার জায়গাও প্রায় নেই।

এসব বাসকে কার্যত কারাগারের মতো ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নেহা বোরা আরও বলেন, সাধারণ মানুষের বিরুদ্ধে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) যুদ্ধ চালাচ্ছে। শুধু প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেওয়ার জন্য কেন এত সহিংসতা করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।


টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে বিক্ষোভকারীরা যন্তর মন্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজয় চকের কাছে নেহা বোরা ও অন্যদের আটক করা হয়।

ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা এগিয়ে আসার আগে আইসার সভাপতি অন্য বিক্ষোভকারীদের সঙ্গে স্লোগান দিচ্ছিলেন। পরে নিরাপত্তাকর্মীরা বিক্ষোভকারীদের থামাতে এগিয়ে এলে তাদের কয়েকজন দৌড়াতে শুরু করেন। এ সময় কয়েকজনকে আটক করা হয়।

এদিকে রোববারও দিল্লির বিভিন্ন এলাকা থেকে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা এ কর্মসূচিতে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই), আইসা এবং ক্রান্তিকারী যুব সংগঠনসহ (কেওয়াইএস) বিভিন্ন ছাত্রসংগঠনের সদস্যরা অংশ নেন।

পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিআই(এম)-এর রাজ্যসভার সদস্য জন ব্রিটাসও রয়েছেন।

এসএফআইয়ের অভিযোগ, পুলিশের খাঁচার মতো দেখতে ভ্যানের ভেতরে তাদের কর্মীদের মারধর করা হয়েছে। সংগঠনটির আরও দাবি, পুলিশ জন ব্রিটাসের ওপর হামলা চালিয়ে পরে তাকে আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। এ ছাড়া পুলিশের কথিত সহিংসতার ভিডিও ধারণ করার সময় দিল্লির স্যাক্রেড হার্ট চার্চের যাজক ফাদার বিজু জেভিয়ারকেও আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

এর আগে বিক্ষোভকারীদের যন্তর মন্তরে যেতে বাধা দিতে দিল্লিজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। এ উদ্দেশ্যে ৩০ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের কার্যক্রম এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে সিজেপি ও বিরোধী দলগুলো।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ভারত  দিল্লি  নেহা বোরা  পুলিশ  নির্যাতন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: