পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা উল্টে অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। এ ঘটনায় এখনো ১১৬ জন নিখোঁজ রয়েছেন।
রোববার (১১ অক্টোবর) জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের বর্ণনা অনুযায়ী, জিবুতির পূর্ব উপকূলের গুহের এলাকার কাছে নৌকাটি উল্টে যায়। এলাকাটি এডেন উপসাগর ও বাব এল-মান্দেব প্রণালির কাছাকাছি অবস্থিত।
নৌকাটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। তারা জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে যাত্রা করেছিলেন। দুর্ঘটনায় ৮০ জন প্রাণে বেঁচে গেছেন। তাঁদের সবাই ইথিওপিয়ার নাগরিক।
আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পথ হলো জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী জলপথ। এ পথে অনেক আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকায় করে ইয়েমেনে পৌঁছানোর চেষ্টা করেন। পরে তাঁরা সেখানে কাজের সন্ধান করেন।
তবে ইয়েমেনে হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। সংঘাতের কারণে অনেক মানুষ ইয়েমেন ছেড়ে জিবুতিতে আশ্রয় নিয়েছেন।
সূত্র : আলজাজিরা
সময়ের আলো/ইউএমএইচ