খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েন করছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাসদস্য ও সামরিক সরঞ্জাম মোতায়েনের অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রদেশটিতে

2026-10-11T20:55:36+00:00
2026-10-11T20:55:36+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েন করছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৮:৫৫ পিএম 
খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েন করছে পাকিস্তান। সংগৃহীত ছবি
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাসদস্য ও সামরিক সরঞ্জাম মোতায়েনের অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রদেশটিতে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির পর নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এদিকে জরুরি অবস্থা জারির পর প্রাদেশিক রাজধানী পেশোয়ারের বিভিন্ন সড়কে পণ্যবাহী কনটেইনার বসিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে ল্যান্ডফোন, ডিএসএলসহ বিভিন্ন টেলিযোগাযোগ সেবা।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, প্রেসিডেন্ট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের আওতায় আগে জারি করা পদক্ষেপগুলো অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশের পর প্রেসিডেন্টের অনুমোদনে প্রদেশটিতে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি হয়।

রোববার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এসআরও (১)/২০২৬-এর মাধ্যমে সেনা মোতায়েনের অনুমতি দেওয়া হয়। সরকারি আদেশে বলা হয়েছে, নাগরিকদের জীবন ও সম্পদ এবং সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার জন্য সেনাসদস্য ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা যাবে।

জরুরি অবস্থা ও গভর্নরের শাসনসংক্রান্ত ঘোষণা যত দিন কার্যকর থাকবে, সেনা মোতায়েনের অনুমোদনও তত দিন বহাল থাকবে। সংবিধানের ২৪৫ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়েছে, রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরের (জিএইচকিউ) সামরিক অভিযান পরিচালনা পরিদপ্তরের সঙ্গে পরামর্শ করে খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি প্রয়োজনীয় সেনাসদস্য ও সামরিক সরঞ্জামের সংখ্যা নির্ধারণ করবেন।

কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের বিরোধ

ডন জানায়, জরুরি অবস্থা জারির এক দিন আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে উত্তেজনা বাড়ার সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের কেন্দ্রীয় সরকার পরিচালনা করছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। অন্যদিকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকারে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর মধ্যে সন্ত্রাসবাদ দমনের কৌশল অন্যতম। এ বিরোধের জেরে গত ৩ অক্টোবর দুই পক্ষের আলোচনা ভেঙে যায়।

পিটিআইয়ের অভিযোগ, প্রদেশের নিরাপত্তাবিষয়ক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের উপেক্ষা করা হচ্ছে। তবে কেন্দ্রীয় সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। পিটিআই সন্ত্রাসবাদ দমনের নীতি পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছে এবং সামরিক অভিযানের বিরোধিতা করছে।

অন্যদিকে, খাইবার পাখতুনখাওয়া সরকার সন্ত্রাসবাদ মোকাবিলায় যথাযথ উদ্যোগ নিচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকার। আফগান তালেবানের সঙ্গে সংলাপের বিষয়ে প্রাদেশিক সরকারের অবস্থান নিয়েও আপত্তি রয়েছে ইসলামাবাদের।

পেশোয়ারের বিভিন্ন সড়কে কনটেইনার, যান চলাচলে বিঘ্ন

জরুরি অবস্থা জারির পর পেশোয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কনটেইনার বসিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পেশোয়ার রেলস্টেশনের কাছে কনটেইনার বসিয়ে খাইবার বাজার, শোবা বাজার এবং আশপাশের এলাকায় যাওয়ার পথ আটকে দেওয়া হয়। এডওয়ার্ডস কলেজের কাছেও কনটেইনার বসানো হয়েছে। এতে জেল রোড ও মালিক সাদ শহীদ ফ্লাইওভারে প্রবেশের পথ বন্ধ হয়ে গেছে।

বালা হিসার দুর্গের কাছে এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) কার্যালয়ের বাইরেও কনটেইনার রাখা হয়েছে। এর ফলে মল রোডে প্রবেশের পথ বন্ধ রয়েছে।

বিশেষ করে গভর্নর হাউসের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ জন্য অন্য জেলাগুলো থেকেও পুলিশ আনা হয়েছে।


গভর্নর হাউস থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়ার পথে শুধু সরকারি যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। রয়্যাল আর্টিলারি (আরএ) বাজারও বন্ধ রাখা হয়েছে। তবে সেনানিবাস এলাকার কিছু অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে শহরের গুরুত্বপূর্ণ সড়ক খাইবার রোড বন্ধ করে দেওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়। সড়কটি গ্র্যান্ড ট্রাঙ্ক (জিটি) রোডের সঙ্গে ইউনিভার্সিটি রোডের পূর্ব অংশকে যুক্ত করেছে। এটি পেশোয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ।

ডন জানায়, খাইবার রোড বন্ধ থাকায় বিকল্প সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়েছে। সড়কটির আশপাশের রেড জোনে গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক স্থাপনা রয়েছে। এর মধ্যে কোর কমান্ডারের বাসভবন, বেসামরিক সচিবালয়, কেন্দ্রীয় পুলিশ কার্যালয়, মুখ্যমন্ত্রীর সচিবালয়, মুখ্যমন্ত্রীর বাসভবন ও গভর্নর হাউস উল্লেখযোগ্য।

এদিকে পেশোয়ারে ল্যান্ডফোন ও ডিএসএলসহ সব ধরনের টেলিযোগাযোগ সেবা বন্ধ থাকার খবর পাওয়া গেছে।

সম্ভাব্য বিক্ষোভ নিয়ে পুলিশের সতর্কতা

এর আগে শনিবার খাইবার পাখতুনখাওয়া পুলিশের প্রধান জুলফিকার হামিদ জরুরি অবস্থা জারির পর সম্ভাব্য সহিংস বিক্ষোভ ও নাশকতার আশঙ্কায় জেলা পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন। একই সঙ্গে বলপ্রয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেন তিনি।

ইসলামাবাদে বিরোধীদের সংবাদ সম্মেলন নিয়ে জটিলতা

এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও বিরোধী দলগুলোর সংবাদ সম্মেলন আয়োজন নিয়ে সমস্যা দেখা দিয়েছে। সাধারণত প্রধান বিরোধী জোট খাইবার পাখতুনখাওয়া হাউসে সংবাদ সম্মেলন করে থাকে। কিন্তু ভবনটি সিলগালা করে দেওয়ায় বিকল্প স্থান খুঁজতে হচ্ছে তাদের।

এ অবস্থায় তেহরিক-ই-তাহাফুজ-ই-আইন-ই-পাকিস্তান (টিটিএপি) মুরি এক্সপ্রেসওয়ের কাছে ভারা কাহু এলাকায় জামিয়া আল উইলায়ায় সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে।

টিটিএপির মুখপাত্র আখুনজাদা হুসাইন আহমেদ ইউসুফজাই জানান, প্রথমে তারা কেপি হাউসে সংবাদ সম্মেলন করার কথা ভেবেছিলেন। পরে ভবনটি সিলগালা করা হয়েছে বলে জানতে পারেন। এরপর ন্যাশনাল প্রেস ক্লাবে (এনপিসি) সংবাদ সম্মেলনের উদ্যোগ নেওয়া হলেও নির্ধারিত ফি দিতে রাজি থাকার পরও কর্তৃপক্ষ অনুমতি দেয়নি।

পরে তারা ভারা কাহুতে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেন বলে জানান তিনি।

সূত্র : ডন

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   পাকিস্তান  খাইবার পাখতুনখাওয়া  সেনা মোতায়েন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: