সাতক্ষীরার আশাশুনিতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (৬৫) নামে বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজারসংলগ্ন এলাকায় রবিউল ইসলামের মালিকানাধীন একটি ফার্নিচারের গোডাউনে এ ঘটনা ঘটে।
রবিউল ইসলাম সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্লা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের বাসিন্দা। তিনি কাঠমিস্ত্রির কাজ করেন।
প্রত্যক্ষদর্শী গুনাকরকাটি গ্রামের কালাম সরদারের স্ত্রী হামিদা খাতুন জানান, শনিবার সকালে তিনি পাশের একটি চাতালে কাজ করছিলেন। এ সময় তিনি দেখতে পান, রবিউল গোডাউনের বাইরে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় ফেলে রেখে দ্রুত গোডাউন বন্ধ করে চলে যাওয়ার চেষ্টা করছেন।
হামিদা খাতুন বলেন, বিষয়টি দেখে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে শিশুটির চেতনা ফিরলে সে তার কাছে ঘটনার বিবরণ দেয়। এরপর তিনি শিশুটিকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়ে তার স্বজনদের বিষয়টি জানান।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত রবিউল ইসলামকে বিকালে আটক করে রাখেন। খবর পেয়ে আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) আনজীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত রবিউলকে আদালতে পাঠানো হয়েছে। ভিতটিমকেকে ডাক্তারি পরীক্ষা শেষে ২২ ধারা করা হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন