চট্টগ্রামের বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরির সময় মো. হোসেন (৩৫) নামে যুবককে আটক করা হয়েছে। এসময় তাঁর কাছ থেকে কয়েকটি রেললাইনের ক্লিপ ও একটি হাতুড়ি জব্দ করা হয়।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কালুরঘাট সেতুর পর বোয়ালখালী অংশে এ ঘটনা ঘটে।
রোববার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ের জান আলী হাট স্টেশনের মাস্টার নিজাম উদ্দিন। তিনি জানান, শনিবার রাতে দায়িত্ব পালনকালে রেললাইনের ক্লিপ চুরির বিষয়টি দেখতে পান গেটম্যান সিফাত হোসেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই যুবককে হাতেনাতে আটক করা হয়। এরপর তাঁকে স্টেশনে নিয়ে আসা হয়। এ সময় তাঁর কাছ থেকে কয়েকটি ক্লিপ ও একটি হাতুড়ি জব্দ করা হয়। পরে তাঁকে রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয়েছে।
রেললাইনের ক্লিপ রেলপথের গুরুত্বপূর্ণ উপকরণ। এসব ক্লিপ রেললাইন ও স্লিপারের সংযোগ ধরে রাখতে সহায়তা করে। ক্লিপ চুরি হলে রেললাইনের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ট্রেন চলাচলের নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে। এ ধরনের ঘটনা প্রতিরোধে রেললাইনের আশপাশে নজরদারি ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সময়ের আলো/এনএন