কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তার কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন ওরফে রাজুর বক্তব্যে সামনে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। বিশেষ করে, নিখোঁজ হওয়ার আগের রাতে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার সময় তাজমিনের সঙ্গে তার ঠিক কী কথা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রাজু।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাজু জানান, ওই রাতে তাজমিন শহরের বাসায় ফিরে প্রধান গেট বন্ধ দেখতে পায়। এরপর মা-বাবাকে ফোন করে কোনো সাড়া না পেয়ে বিষয়টি তাকে জানায়।
রাজুর ভাষ্যমতে, বাসায় ঢুকতে না পেরে তাজমিন এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে। সকালে বাসায় ফিরে যাওয়ার কথা জানালে রাজু তাকে ভিডিও কল করেন। সে সময় তাজমিনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় দেখতে পেয়ে তাকে বকাঝকা করেন তিনি।
তার দাবি, বকাঝকার পরপরই তাজমিন ফোন কেটে দেয়। এরপর খুদে বার্তা পাঠিয়ে তাকে চিন্তা না করতে বলে এবং সকালে বাসায় ফিরে যাওয়ার কথা জানায়।
রাজু আরও জানান, এরপর তিনি তাজমিনের কাছে জানতে চান যে সে আসলে কাকে ফোন করেছিল। জবাবে তাজমিন এক বন্ধুকে ফোন করার কথা বলে। রাজুর মতে, তাজমিন মূলত সেই সিএনজিচালকের কথাই বলতে চেয়েছিল বলে এখন তার মনে হচ্ছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর বাড়ি ফেরার পথে কুমিল্লার লালমাই উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়ার হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয় তাজমিন। পরদিন সকালে ভোলারজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সুমনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডের আগে তাজমিনের যাতায়াত ও যোগাযোগ নিয়ে তদন্ত চলছে।
সময়ের আলো/আতা