প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:২৬ পিএম

ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলোজয়পুরহাটের পাঁচবিবিতে ভটভটিতে করে পাচারের সময় ২৬ বস্তা সরকারি ওএমএসের চাল জব্দ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী। পরে চালগুলো উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। প্রশাসন সেগুলো জব্দ করে খাদ্য বিভাগের অধীনে সরকারি খাদ্যগুদামে মজুদ রেখেছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর ডিলার পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। ইউনিয়নবাসীর জন্য ১৫ টাকা কেজি দরে বরাদ্দ করা চাল দুটি ভটভটিতে করে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ লিটন জানান, দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য বরাদ্দ করা চাল পাচারের খবর পেয়ে তারা সেগুলো আটক করেন। পরে উপজেলা প্রশাসনকে জানানো হলে সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হোসেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল বড়মানিক এলাকায় যান। সেখান থেকে চালগুলো জব্দ করা হয়।
লিটন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এবং পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম তাদের এ বিষয়ে সতর্ক থাকতে বলেছেন।
ভটভটি চালক ইমান আলী বলেন, কেশবপুর ডিলার পয়েন্ট এলাকা থেকে দুজন চালের ক্রেতা তাদের ভাড়া করেন। চালের বস্তাগুলো শালপাড়া বাজারে পৌঁছে দিতে বলা হয়েছিল। তবে ওই দুই ব্যক্তির নাম-পরিচয় তারা জানেন না।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অহিদুর ইসলাম বলেন, সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে জব্দ করা ২৬ বস্তা চাল খাদ্য বিভাগের অধীনে খাদ্যগুদামে মজুদ করা হয়েছে। চাল পাচারের ঘটনায় ভটভটি চালকদের সংশ্লিষ্টতা না পাওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে কেশবপুর ডিলার পয়েন্টে গিয়ে ডিলার হারুনুর রশিদ বাকিকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। তবে তার সহকারী মাসুদ বলেন, ডিলার পয়েন্ট থেকে চাল পাচার করা হয়নি। ক্রেতারা চাল কিনে নিয়ে যাওয়ার পর সেগুলো ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন। ওই চালই হয়তো ভটভটিতে করে নেওয়া হচ্ছিল।
সময়ের আলো/জোই