মেহেরপুরের মুজিবনগরে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তহুরা খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে তহুরা খাতুনের দুই ছেলে হানিফ মহলদার ও রহমান মহলদার। বুধবার সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের বাজার পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের তহুরা খাতুনের মেয়ে মিনা খাতুন জানায়, তাদের চাচাতো দাদার ছেলে আহসান ও ইসলাম মহলদারদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে কোর্টে মামলা চলছিল। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আজ সকালে ইসলাম মহলদার সেই জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এ সময় তার ভাই হানিফ ও রহমান মহালদার বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় তার মা তহুরা খাতুন সন্তানদের রক্ষার জন্য ছুটে গেলে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে তিনি নিহত হন।
মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাকিয়া সুলতানা বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
সময়ের আলো/আতা