প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:৪৩ পিএম

বৌদ্ধ ভিক্ষুর পিণ্ড গ্রহণ এবং পুণ্যার্থীদের দান গ্রহণ। ছবি : সময়ের আলো
বৌদ্ধ ভিক্ষুর পিণ্ড গ্রহণ এবং পুণ্যার্থীদের দান গ্রহণ। ছবি : সময়ের আলোযথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিণ্ড দান অনুষ্ঠান। মাসব্যাপী দানোৎসবের শেষ পর্বে শত শত বৌদ্ধ ভিক্ষুর পিণ্ড গ্রহণ এবং পুণ্যার্থীদের দানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে কঠিন চীবর দান উৎসবের।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে বান্দরবান খিয়ং ওয়া কিয়ং (রাজবিহার) থেকে বৌদ্ধ ভিক্ষুদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় চার শতাধিক বৌদ্ধ ভিক্ষু অংশ নেন। তারা শহরের বিভিন্ন স্থানে পিণ্ডদান গ্রহণ করেন।
এ উপলক্ষে শহরের বিভিন্ন সড়কে প্যান্ডেল সাজিয়ে পুণ্যার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভিক্ষুদের পিণ্ড দান করেন। দানের সামগ্রীর মধ্যে ছিল নগদ অর্থ, চাল, মোমবাতি, বিভিন্ন ধরনের ফলমূল ও পূজার সামগ্রী। পুণ্যলাভের আশায় নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ এ দান অনুষ্ঠানে অংশ নেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো শহরজুড়ে সৃষ্টি হয় এক মিলনমেলার পরিবেশ।
দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনের শেষ পর্বে সন্ধ্যায় বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা, হাজারো প্রদীপ প্রজ্বালন ও ফানুস উত্তোলনের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, গৌতম বুদ্ধ খালি পায়ে বিভিন্ন বৌদ্ধ পল্লিতে গিয়ে ছোয়াং (খাদ্য) সংগ্রহ করতেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা যুগ যুগ ধরে মহাপিণ্ড দান অনুষ্ঠান পালন করে আসছেন।
সময়ের আলো/জোই