প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:০৬ পিএম

দিনাজপুরের হিলি সীমান্ত। ছবি : সময়ের আলো
দিনাজপুরের হিলি সীমান্ত। ছবি : সময়ের আলোদিনাজপুরের হিলি সীমান্তে আগামী ডিসেম্বরকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। জয়পুরহাট ব্যাটালিয়ন সদরদফতরের অধীনস্থ সব সীমান্তের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে টহল বিজিবি সদস্যরা। ব্যবহার করা হচ্ছে ড্রোন, থার্মাল ডিভাইস, ডগ স্কোয়াডসহ আধুনিক প্রযুক্তি। একইসঙ্গে স্পর্শকাতর এলাকায় স্থাপন করা হয়েছে নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্ল্যাগ লাইট। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিশেষ রিজার্ভ প্লাটুন বিজিবি।
বুধবার (২৫ নভেম্বর) হিলি সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি সদস্যর কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। পরে জিরো পয়েন্টে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী।
তিনি বলেন, আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল দেশের অস্থিতিশীল ও নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গুজব ছড়া সহ অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত এসব গুজবের কোনো সত্যতা বা অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি। সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবি সর্বদা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছে বলে দাবি করেন তিনি।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী আরও বলেন, ডিসেম্বর মাস হচ্ছে আমাদের বিজয়ের মাস। এ মাসকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অস্থিতিশীল বা নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সীমান্তের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করতে বিজিবির কঠোর নজরদারির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবির সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে থার্মাল ডিভাইস স্থাপন, ডগ স্কোয়াড এবং উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সীমান্তে নজরদারি অব্যাহত রয়েছে।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবির) সদরদফতরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার স্পর্শকাতর সীমান্ত এলাকায় নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্ল্যাগ লাইট স্থাপন করা হয়েছে। সীমান্তে বিজিবির সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আধুনিক স্বয়ংক্রিয় সরঞ্জামে সজ্জিত রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।
সময়ের আলো/জোই