ঝালকাঠি পৌরসভায় জন্মনিবন্ধন ও নাগরিক সনদে ভোগান্তি

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করার কথা থাকলেও ঝালকাঠি পৌরসভায় জন্মনিবন্ধন সংশোধন ও নাগরিক সনদ সংগ্রহ করতে গিয়ে ভোগান্তির শিকার

2026-11-25T20:02:53+00:00
2026-11-25T20:02:53+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
ঝালকাঠি পৌরসভায় জন্মনিবন্ধন ও নাগরিক সনদে ভোগান্তি
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:০২ পিএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করার কথা থাকলেও ঝালকাঠি পৌরসভায় জন্মনিবন্ধন সংশোধন ও নাগরিক সনদ সংগ্রহ করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন পৌরবাসী। বিশেষ করে জন্মনিবন্ধন সংশোধনের ক্ষেত্রে আগের বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধের বিল চাওয়ায় বিপাকে পড়ছেন সাবেক ভাড়াটিয়ারা। বাড়ি পরিবর্তন, বাড়ির মালিকের মৃত্যু কিংবা আর্থিক অসচ্ছলতার কারণে ওই বিল সংগ্রহ করতে না পারায় আটকে যাচ্ছে অনেকের প্রয়োজনীয় সেবা।

এদিকে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম সামনে রেখে জন্মনিবন্ধন সংশোধন নিয়ে অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচিতে আবেদন করতেও জন্মনিবন্ধন সংক্রান্ত জটিলতায় পড়ছেন অনেক পরিবার। পরিবারের সদস্যদের জন্মনিবন্ধন না থাকা কিংবা তথ্যের ভুলত্রুটির কারণে আবেদন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

অভিযোগ রয়েছে, জন্মনিবন্ধন সংশোধনের জন্য পৌরসভায় গেলে আগে যে বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন, সেই বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধের বিলের কপি চাওয়া হচ্ছে। কিন্তু বাড়ি পরিবর্তনের পর সাবেক বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করা কিংবা বকেয়া করের কাগজ সংগ্রহ করা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না। ফলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পেরে দিনের পর দিন পৌরসভায় ঘুরতে হচ্ছে তাদের।

শহরের কেফাইতনগর এলাকার বাসিন্দা হেলেনা আক্তার বলেন, দীর্ঘদিন ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকার সময় পৌরসভা থেকেই তার মেয়ের জন্মনিবন্ধন করানো হয়েছিল। পরে জন্মনিবন্ধনে ভুল ধরা পড়ায় সংশোধনের জন্য পৌরসভায় যোগাযোগ করেন তিনি। কিন্তু এ সময় আগের বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধের বিল চাওয়া হয়।

হেলেনা বলেন, বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি আর্থিক অসচ্ছলতার কথা জানান। ফলে একাধিকবার পৌরসভায় গিয়েও মেয়ের জন্মনিবন্ধন সংশোধন করাতে পারেননি। এতে সময়ের পাশাপাশি যাতায়াত খরচও বাড়ছে।

একই সমস্যায় পড়েছেন সুমাইয়া আক্তার। তিনি জানান, দীর্ঘদিন শহরের পুরাতন কলাবাগান এলাকায় খালার বাসায় থাকার সময় ওই ঠিকানা ব্যবহার করে তার জন্মনিবন্ধন করা হয়েছিল। বর্তমানে ইংরেজিতে জন্মনিবন্ধন প্রয়োজন হওয়ায় পৌরসভায় যোগাযোগ করেন তিনি। কিন্তু আগের বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধের বিল চাওয়ায় আটকে যায় কাজ।

সুমাইয়ার খালু অসুস্থ। আর্থিক সংকটের কারণে পরিবারের পক্ষে বকেয়া পৌরকর পরিশোধ করাও সম্ভব হচ্ছে না। এ অবস্থায় নিজের জন্মনিবন্ধন সংশোধনের পাশাপাশি সন্তানদের জন্মনিবন্ধন করানো নিয়েও অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

ভুক্তভোগীদের প্রশ্ন, যে বাড়িতে তারা একসময় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেছেন, সেই বাড়ির মালিকের বকেয়া হোল্ডিং ট্যাক্সের দায় কেন তাদের নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে বাধা হবে? বাড়ি পরিবর্তন কিংবা বাড়ির মালিকের আর্থিক অসচ্ছলতার কারণে একজন নাগরিকের জন্মনিবন্ধন সংশোধন আটকে থাকা কতটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

জন্মনিবন্ধনের পাশাপাশি নাগরিক সনদ সংগ্রহেও দীর্ঘসূত্রিতার অভিযোগ করেছেন পৌরবাসী। তাদের দাবি, একটি নাগরিক সনদ পেতে দুই থেকে তিন দিন সময় লাগছে। এ ছাড়া আবেদনের সময় ২০ টাকার কোর্ট ফি দিতে হচ্ছে। প্রয়োজনীয় সনদ সংগ্রহ করতে একাধিকবার পৌরসভায় যাতায়াত করতে হওয়ায় সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে। ডিজিটাল সেবার যুগে এমন ভোগান্তিতে অসন্তোষ প্রকাশ করেছেন তারা।


নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, সন্তানের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়ে জন্মনিবন্ধনের মতো প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে জন্মনিবন্ধন সংশোধন করা না গেলে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের প্রত্যাশা, প্রচলিত নিয়ম মেনেই দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা হবে।

সচেতন নাগরিকদের মতে, জন্মনিবন্ধন সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ও সুনির্দিষ্ট নিয়ম জনসাধারণের সামনে স্পষ্টভাবে প্রকাশ করা দরকার। একই সঙ্গে সাবেক ভাড়াটিয়া ও বিশেষ পরিস্থিতিতে থাকা পরিবারগুলোর জন্য বিকল্প যাচাইয়ের ব্যবস্থা রাখা প্রয়োজন। পাশাপাশি অতিরিক্ত অর্থ লেনদেনের অভিযোগ তদন্ত, নাগরিক সনদ প্রদানে দীর্ঘসূত্রিতা দূর এবং অকেজো সড়কবাতি সচল করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ঝালকাঠি পৌর প্রশাসক জুলিয়া সুকায়না বলেন, পৌরসভায় ১১ হাজার হোল্ডিং রয়েছে। অনেক ভবনের মালিক মিথ্যা তথ্য দিয়ে জন্মনিবন্ধন নিতে আসেন। ভাড়াটিয়ারাও আসেন। তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়। যারা সঠিক কাগজপত্র দেন, তাদের কোনো সমস্যা হয় না। তবে ভাড়াটিয়াদের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।

তিনি আরও বলেন, পৌরসভার আইন অনুযায়ী পৌরকর পরিশোধের কথা বলা হয়। পৌরসভা নিজস্ব আয় দিয়ে পরিচালিত হয়। কর আদায় না হলে প্রতিষ্ঠানটি চলবে কীভাবে? অনেকেই মিথ্যা তথ্য দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেন।

পৌরবাসীর প্রত্যাশা, জন্মনিবন্ধন ও নাগরিক সনদের মতো মৌলিক সেবা পেতে তাদের যেন দিনের পর দিন পৌরসভায় ঘুরতে না হয়। বিশেষ করে সাবেক বাড়ির মালিকের বকেয়া হোল্ডিং ট্যাক্সের কারণে ভাড়াটিয়াদের নাগরিক সেবা যেন আটকে না থাকে, সে বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঝালকাঠি  ঝালকাঠি পৌরসভা  জন্মনিবন্ধন  জন্মনিবন্ধন সংশোধন  নাগরিক সনদ  হোল্ডিং ট্যাক্স  পৌরকর  ভাড়াটিয়া ভোগান্তি  ফ্যামিলি কার্ড  নাগরিক সেবা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: