প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম

ফটিকছড়ি থানা। ছবি : সময়ের আলো
ফটিকছড়ি থানা। ছবি : সময়ের আলোচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুরে বিএনপির মিছিলে হামলা, মারধর, ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে। ২৯ জনকে সুনির্দিষ্ট এবং অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয় এতে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে মামলাটি করেন হামলায় আহত নানুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হোছাইন (৩৭)।
মামলার এজাহারে তিনি লেখেন, গত ২১ নভেম্বর উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের নাশকতার প্রতিবাদে একটি মিছিল বের করেন। মিছিলটি কিপাইতনগরের একটি সড়ক দিয়ে যাওয়ার সময় রাজনৈতিক বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালানো হয়।
মামলার বাদী উল্লেখ করেন, হামলাকারীরা ধারালো রামদা, লোহার রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মাথায় একাধিক সেলাই দিতে হয়।
এতে বলা হয়, হামলায় মিছিলে অংশ নেওয়া ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় মোটরসাইকেলের আনুমানিক তিন লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন বাদী।
বাদী মো. হোছাইন বলেন, ঘটনার পর থেকে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। হামলার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
সময়ের আলো/আতা