বর্ষা পেরোলেও কমেনি দুর্ভোগ, রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

বর্ষা এলেই গ্রামের কাঁচা রাস্তায় কাদা-পানির দুর্ভোগ পোহাতে হয় মানুষকে। বর্ষা শেষ হলে সেই দুর্ভোগ কমে আসবে, এমন প্রত্যাশাই থাকে

2026-11-25T20:15:18+00:00
2026-11-25T20:51:46+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
বর্ষা পেরোলেও কমেনি দুর্ভোগ, রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:১৫ পিএম  আপডেট: ২৫.১১.২০২৬ ৮:৫১ পিএম
রাস্তায় ধান রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ। ছবি : সময়ের আলো
রাস্তায় ধান রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ। ছবি : সময়ের আলো
বর্ষা এলেই গ্রামের কাঁচা রাস্তায় কাদা-পানির দুর্ভোগ পোহাতে হয় মানুষকে। বর্ষা শেষ হলে সেই দুর্ভোগ কমে আসবে, এমন প্রত্যাশাই থাকে সবার। কিন্তু বর্ষা পেরিয়ে গেলেও দুর্ভোগ পিছু ছাড়েনি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়নের মানুষের। রাস্তাজুড়ে কাদা, পানি আর খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে আলী বাজারসংলগ্ন গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি। প্রতিদিনের এই ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার হরণী ইউনিয়নের আলী বাজার ও বাজারসংলগ্ন মসজিদের সামনে  সড়কের কাদাপানিতে ধানের চারা রোপণ করে এ প্রতিবাদ জানানো হয়। পরে স্থানীয়দের উদ্যোগে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা অংশ নেন। এ সময় হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবি জানান তারা।


মানববন্ধনে বক্তব্য দেন আলী বাজার বণিক কমিটির সেক্রেটারি জামসেদুল ইসলাম টুটুল, আল কুরআন অ্যাকাডেমির প্রধান শিক্ষক মুফতি নুর ইসলাম এবং বাজারসংলগ্ন মসজিদ কমিটির সেক্রেটারি মফিজুর রহমান দুলালসহ স্থানীয় ব্যক্তিরা।

বক্তারা বলেন, আলী বাজার থেকে জলিল কমান্ডার বাজার সড়কের বিশেষ করে আলী বাজার ও মসজিদসংলগ্ন অংশ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বড়বড় গর্ত ও খানাখন্দে সামান্য বৃষ্টিতেই পানি ও কাদা জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে পণ্যবাহী যানবাহন ও অটোরিকশা চলাচলে বিঘ্ন ঘটছে। ব্যাহত হচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য। পাশাপাশি প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সড়কের এমন বেহাল অবস্থায় স্কুল-কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থী এবং মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা বিরাজ করলেও সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা স্থানীয় জনপ্রতিনিধিদের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। বারবার দুর্ভোগের শিকার হয়েও প্রতিকার না পাওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে।


একসময় যে সড়ক দিয়ে নির্বিঘ্নে চলাচলের কথা ছিল, সেটিই এখন এলাকাবাসীর দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। সড়কের কাদাপানিতে ধানের চারা রোপণ করে স্থানীয়দের প্রতিবাদ সেই দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনারই প্রতিচ্ছবি। জনদুর্ভোগ লাঘব এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দ্রুত সড়কটির সংস্কার ও পাকাকরণকাজ শুরুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সময়ের আলো/জোই
  বিষয়:   বর্ষা  দুর্ভোগ  রাস্তায় ধান রোপণ  এলাকাবাসীর প্রতিবাদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: