
দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। সংগৃহীত ছবি
দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। সংগৃহীত ছবি ‘সমস্যা-টমস্যা কিছু নাই তো তোমার। এখন দায়িত্ব তো ওসি সাহেবের, আর ওসি ঠিক তো সব ঠিক-বুঝো নাই? তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা।’— দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানের সঙ্গে যুব মহিলা লীগের সাবেক এক নেত্রীর এমন কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ওই ফোনালাপে শুধু নিজের বাসায় আসার আমন্ত্রণই নয়, ওই নারীকে কীভাবে সেখানে পৌঁছাতে হবে, কোন রাস্তা ব্যবহার করতে হবে, কোথায় গাড়ি পরিবর্তন করতে হবে এবং যাতায়াতে কত টাকা খরচ হতে পারে, সেসব বিষয়ও বিস্তারিতভাবে বুঝিয়ে দেন ওসি। এমনকি ওই নারী বাসায় পৌঁছানোর পর তার গাড়িভাড়াও পরিশোধ করার আশ্বাস দেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ওসি ও ওই নারীর মধ্যকার দুটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ফোনালাপের অপর প্রান্তে থাকা নারী হলেন দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনি। ছড়িয়ে পড়া দুটি অডিওর একটিতে ৩ মিনিট ৩৬ সেকেন্ড এবং অপরটিতে ৬ মিনিট ২০ সেকেন্ডের কথোপকথন রয়েছে। প্রথম রেকর্ডে ওসিকে বারবার ওই নারীকে নিজের বাসায় আসার জন্য বলতে শোনা যায়। দ্বিতীয় রেকর্ডে টাকা-পয়সার লেনদেন, মামলা এবং তুহিন ও পারভেজ নামে দুজনকে কেন্দ্র করে আলোচনা হয়। এ সময় ওই নারী নিজের পরিবারের সদস্যদের অসুস্থতা ও বিভিন্ন সমস্যার কথাও জানান।
প্রথম ফোনালাপের শুরুতেই ওসি ওই নারীকে বাসা থেকে বের হওয়ার কথা বলেন। এরপর নিজের বাসায় পৌঁছানোর জন্য কীভাবে যাতায়াত করতে হবে, সে বিষয়ে নির্দেশনা দেন। তিনি বলেন, তোমার বাসার সামনে থেকে, ওই যে থানার কথা বলবা, একটু ফাঁকা জায়গা থেকে একটা সিএনজিতে উঠবা।
এরপর তাকে থানার দিকে আসতে বলেন ওসি। রাস্তার অবস্থান বোঝাতে গিয়ে তিনি বলেন, মসজিদ দেখছো না হাতের বাম পাশে, এই মসজিদের দিকে একটা রাস্তা ঢুকছে। এই সোজা রাস্তার মাথায় আসলে আবার আমারে কল দিবা। একবারে সোজা আমার বাসা।
যাতায়াতের খরচ নিয়েও তাদের মধ্যে কথা হয়। এ বিষয়ে ওসি বলেন, ‘বাজার থেকে আসলে সিএনজিতে আইবা। ১০০ টাকা দিলে হয়। যদি বলে ২০০ টাকা দিবা।’ এ সময় ওই নারী ওসির বাসায় যাওয়া ও সেখানে থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। পাশাপাশি ভিডিও কল না করার প্রসঙ্গও তোলেন। উত্তরে ওসি বলেন, ‘তোমার লোকেশন তো দেখতেছি রামানন্দপুর।’
তবে রামানন্দপুরে অবস্থানের বিষয়টি অস্বীকার করেন ওই নারী। তিনি বলেন, ‘আল্লাহর কসম, একবারে আমার মরা মার কসম, আঙ্কেল আপনি আমাকে বিশ্বাসই করলেন না’। তখন ওসি বলেন, ‘আই বুঝি তোঁয়ার আঙ্কেল? তোমার মোবাইলে তো আমি এমনি লোকেশন দেখলাম। লোকেশন দেখতেছি যে ছয় নম্বর ওয়ার্ড রামানন্দপুর।’ এরপরও ওই নারী নিজের অবস্থান রামানন্দপুর নয় বলে দাবি করেন। তিনি বলেন, ‘বিশ্বাস করেন, আমি রামানন্দপুর নাই।’
একপর্যায়ে ওসি তাকে বিশ্বাস করার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘তো তোমারে বিশ্বাস না করার মতো এখনো কিছু কইছি নাকি?’ পরে কীভাবে তিনি আসবেন, সেই ব্যবস্থা করার পরামর্শ দেন। ওসি বলেন, ‘তুমি যেটা বেস্ট জানো ওইটা একটা রিজার্ভ করো।’ এরপর তাকে আশ্বস্ত করে বলেন, ‘সমস্যা-টমস্যা কিছু নাই তো তোমার। এখন দায়িত্ব তো ওসি সাহেবের, আর ওসি ঠিক সব ঠিক-বুঝো নাই? তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা।’
এ সময় ওই নারী ওসিকে ঘন ঘন ফোন না করার অনুরোধ জানান। তিনি বলেন, ‘আচ্ছা ঠিক আছে। এখন আর বারবার ফোন দিয়েন না। তাহলে আপু জিজ্ঞেস করবে কে ফোন দেয়, কেন ফোন দেয়।’ পরে নিজের যাত্রাপথ সম্পর্কে জানিয়ে ওই নারী বলেন, তিনি চৌদ্দগ্রাম থেকে অটোরিকশায় চৌদ্দগ্রাম বাজারে যাবেন। সেখান থেকে মিয়াবাজার হয়ে অন্য একটি গাড়িতে করে আসবেন।
এ কথা শুনে ওসি বলেন, ‘আমি ওই যে গুগল ম্যাপে দেখি, মিয়াবাজার থেকে কতক্ষণ লাগে। তুমি মিয়াবাজার থেকে যেভাবে আসতে ডাইরেক্ট তাড়াতাড়ি আসা যায়।’ পাশাপাশি যাতায়াতের খরচ দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘তুমি এখানে আসলে আমি পেমেন্ট করে দিবো, অসুবিধা নাই।’
প্রথম ফোনালাপের শেষ পর্যায়ে ওই নারীকে যাত্রা শুরু করার পর জানাতে বলেন ওসি। ওই নারীও তাকে মেসেজ পাঠানোর কথা জানান। কথোপকথনের একপর্যায়ে ওসিকে তার পৌঁছানোর সম্ভাব্য সময় জানতে চাওয়া এবং অপেক্ষা করার কথাও বলতে শোনা যায়।
অন্যদিকে দ্বিতীয় ফোনালাপের শুরুতেই ওসিকে বলতে শোনা যায়, ‘আমি এর জন্য ক্ষমা প্রার্থী।’ এরপর ওই নারী তুহিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে টাকা দাবি এবং তার বোনকে হুমকি দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, ‘তুহিন টাকা চায়, আমার বোনকে হুমকি-ধমকি দিচ্ছে।’ এ সময় তিনি আরও দাবি করেন, একটি মামলায় জামিনের ব্যবস্থা করতে সেদিন থানায় দুই লাখ টাকা দিয়েছেন। কিন্তু তুহিনের কারণে তার পরিবার আবারও নানা সমস্যার মধ্যে পড়েছে।
ওই নারী অভিযোগ করেন, ‘তুহিন ফোনে গালিগালাজ করলো, পারভেজ একটা ক্রিমিনাল। একটা ক্রিমিনাল হয়েও পারভেজ কি করে আপনাদের কাছে ফোন করে?’ জবাবে ওসি বলেন, ‘না, আমার কাছে ফোন করে নাই।’
পরে ওই নারী দাগনভূঞা থানায় একাধিকবার যাওয়ার পাশাপাশি সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগ করার বিষয়টি তুলে ধরেন। তার অভিযোগ, ফোন নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে, কিন্তু পারভেজকে কখনো গ্রেফতার করা হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দাগনভূঞা একবার না, বারবার গেছি। জিডি করছি, অভিযোগ করছি, আমার ফোন নিয়ে গেছে। কোনোদিন এই পারভেজ অ্যারেস্ট হয় নাই।’
এরপর ওসি ওই নারীর সঙ্গে সরাসরি দেখা করে কিছু কথা বলার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, ‘তোমারে খালি একটু কথা বলি। দুনিয়া এখন দুনিয়া নাই, বুঝছো নি? তুমি আসলে এই কথাটা কইয়া লইতাম।’ একই সঙ্গে রাজনৈতিক স্বার্থ ও আর্থিক লেনদেনের বিষয়গুলো বাদ দিয়ে যোগাযোগ রাখার কথা বলেন তিনি। ওসির ভাষায়, ‘তুমি যদি মনে করো যে এখানে কোনো রাজনৈতিক স্বার্থ, টাকা-পয়সা—সবকিছুর বাইরে যদি চিন্তা করতে পারবা, তাহলে এরপর থেকে আমার সাথে যোগাযোগ রাখবা।’ এরপর তিনি আরও বলেন, ‘নাইলে তোমার জন্য যতটুকু ক্ষতি, আমার জন্য এর থেকে বেশি ক্ষতি।’
এ সময় ওই নারী তার বিরুদ্ধে মামলা, আর্থিক ক্ষতি এবং পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি আপনারে একটা কথা বলি, আমি মামলায় মামলা খাইলাম, আমার দুই লাখ টাকা গেল। এদিক দিয়ে তুহিন ঝামেলা করে থানার মধ্যে আমার বোনরে মারতে গেলো।’ পাশাপাশি পারভেজকে গ্রেফতার করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘পারলে পারভেজকে অ্যারেস্ট করে দেখান। ফটিক মিয়ারে ধরলেই তো পারভেজ চলে আসে।’
কথোপকথনের একপর্যায়ে ওই নারী তার সন্তানদের শারীরিক অসুস্থতার বিষয়টিও ওসিকে জানান। তিনি বলেন, ‘আমার এতটুকু একটা ছেলে, তার জীবনটাও আপনারা শেষ করে দিছেন। আপনারা শেষ করছেন আমারে মামলা দিয়া হয়রানি কইরা। আমার মেয়ে বর্তমানে হাসপাতালে। আমার মেয়ের মামস, জ্বর-কাশি। মেয়ের অবস্থা অতটা ভালো না বুঝছেন নি?’ এর উত্তরে ওসি বলেন, ‘এখন সব দোষ আমার উপর ঝাড়তেছো না?’ তখন ওই নারী বলেন, ‘না না, আপনার উপর আমি কেন ঝাড়মু? আমার ওই সাহস নাই আপনার উপর ঝাড়ার।’
উল্লেখ্য, গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেফতার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। পরবর্তী সময়ে জামিনে মুক্ত হওয়ার পর ওসির সঙ্গে তার কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিও ভাইরাল হওয়ার পর একটি ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেফতারের পর থানা হাজতে ওসি তার শ্লীলতাহানি করেছেন এবং তাকে আলিঙ্গন করার প্রস্তাব দিয়েছেন। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজিম নোমান স্বীকার করেন, ভাইরাল হওয়া কল রেকর্ডের কণ্ঠ তারই। তবে তার দাবি, আসামিকে গ্রেফতারের জন্য ভিন্ন কৌশল প্রয়োগের উদ্দেশ্যেই ওই কথাবার্তা বলা হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, পুলিশের কার্যক্রমে বাধা সৃষ্টি করতে ওই নারী ষড়যন্ত্র করছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা টাকা লেনদেনসহ অন্যান্য অভিযোগও অস্বীকার করেন ওসি।
এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, কল রেকর্ডগুলো ইতোমধ্যে তাদের নজরে এসেছে। সেগুলোর সত্যতা যাচাইয়ের জন্য ফ্যাক্টচেকিংয়ে পাঠানো হয়েছে। অভিযোগে ওসির সম্পৃক্ততার বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগেও দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। গত আগস্টে মামলা গ্রহণে অস্বীকৃতি জানানোর অভিযোগে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়।
আদালতের ওই নির্দেশনার পর অভিযোগের বিষয়ে তদন্ত করতে তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন। তবে পরবর্তী সময়ে ওসিকে তার আগের পদেই বহাল রাখা হয়।
সময়ের আলো/ইউএমএইচ