
(উপরে বাম থেকে) রুমিন ফারহানা, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম ও হাসান মামুন এবং (নিচে বাম থেকে) আব্দুল খালেক, তরুণ দে, সাইফুল আলম নীরব, মামুনুর রশিদ (চাকসু মামুন) ও মেহেদী হাসান পলাশ। ছবি : সংগৃহীত
(উপরে বাম থেকে) রুমিন ফারহানা, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম ও হাসান মামুন এবং (নিচে বাম থেকে) আব্দুল খালেক, তরুণ দে, সাইফুল আলম নীরব, মামুনুর রশিদ (চাকসু মামুন) ও মেহেদী হাসান পলাশ। ছবি : সংগৃহীতবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কৃত অর্ধশতাধিক নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং দলীয় প্রার্থীর পক্ষে অবস্থান না নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। বহিষ্কৃত নেতাদের মধ্যে সাইফুল ইসলাম ফিরোজ, হাসান মামুন, সাইফুল আলম নিরব ও তাইফুল ইসলাম টিপুসহ বেশ কয়েকজন আলোচিত নেতা রয়েছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপিতে ফেরার সম্ভাবনা নাকচ করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক বিভক্তি কমানো, স্থানীয় কোন্দল নিরসন এবং দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কমিয়ে আনতে চায় বিএনপি।
দলটির আলোচিত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে অন্তত সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে একজন ছাড়া প্রায় সবাই বিএনপিতে ফিরতে পারেন বলে আলোচনা রয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট নেতারা দলের হাইকমান্ডের কাছে আবেদন করার পাশাপাশি বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও তৎপরতা চালাচ্ছেন। তাদের বিষয়ে দলীয় নেতৃত্বও ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে জানা গেছে।
বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত সাতজন হলেন— বহিষ্কৃত নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)। তাদের মধ্যে রুমিন ফারহানার বিএনপিতে ফেরার সম্ভাবনা কম বলে জানা গেছে।
গত সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা বলেন, বিএনপিতে ফিরবেন কি না, তা নিয়ে অনেকেই জানতে চাইছেন। তাদের উদ্দেশে তিনি স্পষ্ট করে জানান, দলে ফেরার জন্য তিনি কখনো কোনো আবেদন করেননি।
তিনি আরও বলেন, তার কোনো বক্তব্য বা আচরণ থেকে আবার বিএনপিতে ফিরবেন— এমন ধারণা করারও কোনো কারণ নেই। বর্তমানে আল্লাহ তাকে যে অবস্থানে রেখেছেন, সে জন্য তিনি কৃতজ্ঞ।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, নির্বাচনকে কেন্দ্র করে বহিষ্কৃত অন্তত ৭০ জন বিদ্রোহী প্রার্থীকে বিএনপিতে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তাদের সমর্থনে অবস্থান নেওয়া কিংবা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে ভূমিকা রাখার কারণে বহিষ্কৃত তৃণমূল পর্যায়ের আরও পাঁচ শতাধিক নেতাকর্মীকেও ধাপে ধাপে দলে ফেরানো হতে পারে। তাদের মধ্যে জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রভাবশালী নেতারাও রয়েছেন।
বহিষ্কৃত নেতাদের মধ্যে আলোচনায় রয়েছেন বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু (নাটোর-১), নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন (পটুয়াখালী-৩), ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব (ঢাকা-১২), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪), যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন (যশোর-৫), টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (টাঙ্গাইল-৫), যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে (ব্রাহ্মণবাড়িয়া-২) এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) (সিলেট-৫)।
দলীয় সূত্র বলছে, বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সাংগঠনিক ইউনিটে নতুন করে গ্রুপিং, কোন্দল ও বিভক্তি দেখা দিয়েছে। অনেক এলাকায় সংসদ সদস্য ও দলীয় প্রার্থীদের অনুসারীদের সঙ্গে বহিষ্কৃত নেতাদের সমর্থকদের দূরত্ব তৈরি হয়েছে। এমনকি বিভিন্ন দলীয় কর্মসূচিও পৃথকভাবে পালন করা হচ্ছে। গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিসহ বিভিন্ন দলীয় আয়োজনে এ বিভক্তির চিত্র সামনে আসে। এতে দলের অভ্যন্তরীণ ঐক্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড নিয়েও বিএনপির মধ্যে উদ্বেগ রয়েছে। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, থানায় আগুন দেওয়া এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের মতো ঘটনা ঘটছে। দলটির নীতিনির্ধারকদের ধারণা, দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা মোকাবিলায় তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী রাখা প্রয়োজন। এ বিবেচনা থেকেই বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে এনে দলকে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো জানান, বহিষ্কৃত নেতাদের আবেদনগুলো ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত নেতারা যাচাই-বাছাই করছেন। যাদের আবেদনের প্রক্রিয়া যথাযথ এবং অতীতে দলের প্রতি আনুগত্য ও সাংগঠনিক অবদান রয়েছে, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট আলাদা। যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা প্রয়োজন কিংবা যাদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাদের আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
সময়ের আলো/ইউএমএইচ