প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ এএম আপডেট: ২৫.১১.২০২৬ ১০:৫০ এএম

আবু বাকের মজুমদার ও প্রাণনাশের হুমকি দেওয়া চিরকুট। ছবি : সংগৃহীত
আবু বাকের মজুমদার ও প্রাণনাশের হুমকি দেওয়া চিরকুট। ছবি : সংগৃহীত জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার বাড়িতে কাফনের কাপড় ও হুমকিসংবলিত চিরকুট পাঠানোর অভিযোগও করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব ও শহিদ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ।
পোস্টে তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী আবু বাকের মজুমদারকে প্রাণনাশের হুমকি দিয়েছে। তার বাড়িতে কাফনের কাপড় ও হুমকিসংবলিত চিরকুট পাঠানো হয়েছে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী চোরাগোপ্তা হামলার মাধ্যমে মানুষ হত্যার পথ বেছে নিয়েছে। গত বছরের ডিসেম্বরে শরীফ ওসমান হাদীকে হত্যার পর এবার তাদের নিশানায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্ব।
তিনি বলেন, ‘এ ধরনের চোরাগোপ্তা হামলা ও প্রাণনাশের হুমকি প্রতিহত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু বাকের মজুমদারদের সাহসিকতা পলাতক খুনিদের অজানা।’ এই শক্তিকে আবারও পরাজিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সময়ের আলো/মহু