প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ এএম আপডেট: ২৪.১১.২০২৬ ৯:৫৯ এএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত দুই বছরের বেশি সময় ধরে ভারতে আশ্রিত জীবন কাটানোর পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। বাংলাদেশের বিজয় দিবসে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে তার মুখপাত্র এ কথা জানিয়েছেন।
এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এই ঘোষণায় বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। কারণ, দেশে তার রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র চাওয়ার পর থেকে দেশে সহিংসতার ঘটনাও বেড়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নে শেখ হাসিনা। এর কয়েক মাস পর তার পাসপোর্ট বাতিল করা হয়। এখন নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্র চাওয়ার পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য তাঁর বিমান পরিবহনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।’
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘সংবিধানবহির্ভূতভাবে এবং এমন পরিস্থিতিতে তাকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করা এখন সরকারের দায়িত্ব।’
এ বিষয়ে বাংলাদেশের সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
গত রোববার রয়টার্সকে বাংলাদেশের একজন মন্ত্রী বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।
জাতিসংঘের হিসাবে, শেখ হাসিনার সরকারের পতন ঘটানো আন্দোলন ও সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। ছাত্র-জনতার নেতৃত্বে হওয়া ওই আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তার অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয়। তবে ভারতে আশ্রিত অবস্থায় তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
সময়ের আলো/কেএইচও