ছবি : সংগৃহীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির ৯২ নেতা বহিষ্কৃত হন। তাদের পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হন তৃণমূলের পাঁচ শতাধিক নেতাকর্মী। নির্বাচনের পর পরিস্থিতি পাল্টেছে। বহিষ্কৃতদের অনেকেই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। তাদের অতীত রাজনৈতিক ভূমিকা, ত্যাগ ও সাংগঠনিক গুরুত্ব বিবেচনায় নিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে বিএনপির হাইকমান্ড। এতে দলের অভ্যন্তরীণ দূরত্ব কমিয়ে সাংগঠনিক ঐক্য ও শক্তি বাড়ানোর নতুন সমীকরণ তৈরি হচ্ছে। দলের স্থায়ী কমিটির আসন্ন বৈঠকেই এ বিষয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় যেসব নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদের একটি অংশকে সাধারণ ক্ষমার আওতায় আনার চিন্তাভাবনা চলছে। ইতিমধ্যে যেসব নেতা দলের কাছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে ক্ষমা চেয়েছেন, তাদের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছেন নীতিনির্ধারকরা।
শুধু নির্বাচনকেন্দ্রিক বহিষ্কারাদেশ নয়, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন অভিযোগে যেসব নেতাকর্মী সাংগঠনিক শাস্তির মুখে পড়েছেন, তাদের মধ্য থেকেও অনেককে দলে ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন দলের বাইরে থাকা এসব নেতাকর্মীকে আবার সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।
বিষয়টি নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির আগামী বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকেই বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং শাস্তিপ্রাপ্ত নেতাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
দলটির নীতিনির্ধারকদের মতে, সাংগঠনিক কার্যক্রমে গতি আনা এবং নেতাকর্মীদের মধ্যে দূরত্ব কমানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে, আর কাদের ক্ষেত্রে শাস্তি বহাল থাকবে সে বিষয়ে স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে শিগগিরই পর্যায়ক্রমে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হতে পারে। ইতিমধ্যে কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র এমপিদের মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়া অন্য ছয়জন জোট গঠন করে বিএনপির সব সিদ্ধান্তকে সমর্থন করছেন, বিএনপির প্রত্যেক কর্মসূচিকে বাস্তবায়ন করছেন। তারা দলে ফেরার অপেক্ষায় আছেন। আবার এ ছয়জন সংসদ সদস্যের বিষয়ে ইতিবাচক সাড়াও দিয়েছেন দলটির শীর্ষ নেতা তারেক রহমান।
এ বিষয়ে দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা সময়ের আলোকে জানান, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনেক ত্যাগী আর হেভিওয়েট নেতাকে বহিষ্কার করা হয়েছিল। তারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। তবে বিগত দিনে তাদের ত্যাগ আর সক্রিয় ভূমিকা বিবেচনায় নিয়ে এবার ওইসব নেতার রাজনীতির পথকে সুগম করার ভালো সিদ্ধান্ত নিচ্ছে দল। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হলেও পরে ভুল বুঝতে পেরে তারা বিএনপি চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন, যা পর্যালোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারম্যান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সারা দেশে ৯২ জনকে বহিষ্কার করে বিএনপি। এর মধ্যে গত ২১ জানুয়ারি এক দিনেই ৫৯ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়। এ ছাড়া জোটের শরিকদের জন্য ছেড়ে দেওয়া ৮ আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় আরও ১৩ জনকে বহিষ্কার করেছিল দলটি। বিদ্রোহী প্রার্থীদের পাশাপাশি তাদের প্রচারের অংশ নেওয়া এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তৃণমূলের আরও অন্তত পাঁচ শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।
নির্বাচনে ৭৮টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকলেও মূলত সাতজন বিজয়ী হন। তারা হলেন— ব্যারিস্টার রুমিন ফারহানা, লুৎফর রহমান খান আজাদ, শেখ মজিবুর রহমান ইকবাল, আব্দুল হান্নান, আতিকুল আলম শাওন, সালমান ওমর রুবেল এবং এ জেড এম রেজওয়ানুল হক। এর বাইরে অন্তত ২৮টি আসনে জয়-পরাজয়ে প্রভাব ফেলেন দলের বিদ্রোহী প্রার্থীরা। তাদেরও বহিষ্কার করা হয় তখন। বহিষ্কৃত হেভিওয়েট নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন, সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা সাইফুল ইসলাম ফিরোজসহ বিভিন্ন পর্যায়ের নেতা।
বিএনপির দফতর সূত্র জানায়, বহিষ্কৃতদের অধিকাংশই বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেন। ইতিমধ্যে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্র। সবশেষ গত মঙ্গলবার নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়। তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।
এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ার ইঙ্গিত পেয়ে ফের মাঠে সক্রিয় হচ্ছেন নেতারা। তারা তাদের অনুসারীদের নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় ভূমিকা রাখছেন। গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শোভাযাত্রায় বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে প্রথম সারিতে দেখা যায়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই শোভাযাত্রায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে সঙ্গে নেন তারেক রহমান। এতে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ নিয়ে রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি হয়।
জানতে চাইলে সাইফুল আলম নিরব সময়ের আলোকে বলেন, ‘বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে আমি ভাবছি না, আমি শহিদ জিয়াউর রহমান, প্রয়াত খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপি করি। নির্বাচনের পরও দলের সব কর্মসূচিতে অংশ নিচ্ছি।’
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান, বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আর নীতিগত কোনো জটিলতা নেই। কারও কারও ক্ষেত্রে ইতিমধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। অন্যদের বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত কার্যকর হবে। তবে প্রত্যেকের রাজনৈতিক ভূমিকা, বহিষ্কারের কারণ এবং স্থানীয় সাংগঠনিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে সংসদ সদস্য এম এ হান্নান বলেন, ‘বিভিন্নভাবে শুনেছি। তবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমাদের অভিভাবক, তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটিই মাথা পেতে নেব। বহিষ্কারাদেশ প্রত্যাহার হলে এলাকার সাংগঠনিক বলয় বৃদ্ধি পাবে। নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করব।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান সময়ের আলোকে বলেন, আমরা চেয়েছিলাম তারা (বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীরা) যেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন না করেন। তারা যেন ভোটের মাঠে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন। কিন্তু আমাদের প্রত্যাশা তারা রাখেননি। এখন ফিরতে চাচ্ছেন— ভালো; দেখা যাক কী করা যায়।
সময়ের আলো/প্রিন্ট/জেডি