প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:৪৯ পিএম
একটি সাদা গাড়িতে করে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে গিয়ে প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর কলকাতার উদ্দেশে রওনা হন তারা । ছবি : সংগৃহীতভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা ঘুরে গেছেন দেশটিতে অবস্থানরত আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় ভারতীয় অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। তবে, বৈঠকের বিষয়বস্তু কিংবা বৈঠকের তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
রোববার (২২ নভেম্বর) দুপুরে একটি সাদা গাড়িতে করে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছান তারা। সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর কলকাতার উদ্দেশে রওনা হন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে যাওয়া চার নেতার মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
এ দিকে টিভি নাইন বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ নিয়ে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন বিকল্প খতিয়ে দেখছেন। এ কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে তাদের। প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার আওয়ামী লীগের নেতাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাতায়াতের পথ ও সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে।
শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলার মধ্যেই আওয়ামী লীগের চার নেতার পেট্রাপোল সীমান্ত সফর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের একাংশের মধ্যে আলোচনা রয়েছে। এ ছাড়া, তার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।
তবে, পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে ভারতীয় অভিবাসন দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিংবা পেট্রাপোল থানার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সময়ের আলো/এসকে