প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য সুদৃঢ় করতে জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন

2026-11-23T01:34:19+00:00
2026-11-23T01:35:03+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
রাজনীতি
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:৩৪ এএম  আপডেট: ২৩.১১.২০২৬ ১:৩৫ এএম
ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য সুদৃঢ় করতে জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

বৈঠকে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকতে পারেন।

এনসিপি সূত্র জানায়, জামায়াতে ইসলামী ১১ দলীয় ঐক্যের সব পক্ষকে একসঙ্গে নিয়ে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছিল। এ বৈঠকে নেতৃত্ব দেওয়ার আগ্রহও ছিল দলটির। তবে এনসিপি আলাদাভাবে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে সরকারের পক্ষ থেকে দলটির জন্য পৃথক সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে এনসিপি সূত্র। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সংলাপে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি জানাবে এনসিপি। এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন দলটির নেতারা।

এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ওই বৈঠকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার বিষয়ে একমত হন দুই নেতা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   প্রধানমন্ত্রী  সংলাপ  এনসিপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: