৪ জেলায় উত্তেজনা, হামলা-ভাঙচুর-আগুন

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনার জেরে নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ একাধিক নেতাকর্মীর বাড়িঘর ও দোকানপাটে

2026-11-22T02:29:59+00:00
2026-11-22T02:29:59+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রাজনীতি
সংঘাত সংঘর্ষে উত্তাপ
৪ জেলায় উত্তেজনা, হামলা-ভাঙচুর-আগুন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ২:২৯ এএম 
পাবনার বেড়ায় আওয়ামী লীগ সমর্থক এবং বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে । ছবি : সময়ের আলো
বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনার জেরে নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ একাধিক নেতাকর্মীর বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের হিসাবে, ২০ থেকে ৩০টি বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এদিকে পাবনার বেড়ায় টানা তিন দিন ধরে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলেছে। চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির যুবদল-ছাত্রদলের মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া পটুয়াখালীতে এসব ঘটনায় বিভিন্ন এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে এসব হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ কয়েকজন নেতাকর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পায়। গ্রামের একেকটি বাড়িতে তিন থেকে চারটি ঘর থাকে, সে হিসাবে আগুনে ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা আরও বেশি হবে বলে ফায়ার সার্ভিসের ধারণা।

এর আগে গত বুধবার কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় দুজন নিহত হন। তারা হলেন— কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।

বেন্দারচর গ্রামের ভুক্তভোগীদের অভিযোগ, হঠাৎ করে সাবেক এমপি বি এম কবিরুল হক (মুক্তি), সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা করেন বিএনপির লোকজন। এ সময় বেন্দারচর গ্রামের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া উপজেলার বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তবে কারও বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করার অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির নেতাদের উপস্থিতিতে এগুলো হয়েছে বলে যে প্রচার চলছে, সেটা কাল্পনিক।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম বলেন, সন্ধ্যার আগে আগে সাবেক এমপির বাসাসহ কয়েকটি বাসা ও ১৫-২০টি ঘর ভাঙচুর করা হয়েছে। পাঁচ থেকে ছয়টি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। সাবেক এমপি বি এম কবিরুল হক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলার বিষয়ে তারা নিশ্চিত হতে পেরেছেন। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কারা হামলা করেছে, এ বিষয়ে প্রশাসন নিশ্চিত নয়। এটা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে যে প্রচার চলছে তা মিথ্যা ও বানোয়াট। আগে ধারণ করা ও এআই দিয়ে নির্মিত ভিডিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষুণ্ন করছে।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। কোনো হিন্দু পরিবারের ওপর হামলা বা তাদের কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। হিন্দু বসতিতে হামলার অভিযোগের বিষয়ে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে এখানকার হিন্দু সম্প্রদায়ের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিএনপি আছে, তারাও বিএনপির সঙ্গে আছেন। তিনি আরও বলেন, ‘ফেসবুকে দেখছি দুই শতাধিক বাড়িতে হামলা করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা।’

পাবনায় দফায় দফায় সংঘর্ষ : পাবনার বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুর ১২টা পর পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে উভয়পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হন। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেন দুইপক্ষ। এ ছাড়া বেড়ার সম্ভপুরেও নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

গত বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় শুক্রবার সকাল থেকেই ওই মহল্লায় দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে দুইপক্সংঘর্ষে জড়ায়। এদিকে তিন দিনের পরিস্থিতি নিয়ে গতকাল দুপুর ১২টার দিকে বেড়া উপজেলা পরিষদে বৈঠকে বসেন পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ও সমাধানের উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, একাধিক গাড়িতে আগুন : চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির যুবদল-ছাত্রদলের একটি মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতাকর্মী আহত হন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ লোকজন এ সময় অভিযুক্ত এক যুবলীগ নেতার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকাল পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের প্রতিক্রিয়া জানাতে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কিপাইতনগর এলাকায় শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি মসজিদের সামনে পৌঁছালে নিষিদ্ধ ঘোষিত ওত পেতে থাকা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির কর্মীদের তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতাকর্মী আহত হন। আহত ব্যক্তিরা হলেন আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন। তারা সবাই বিএনপির অঙ্গসংগঠনের কর্মী। 

এদিকে, ঘটনার পর স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্ত যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষুব্ধ নেতাকর্মীরা এ হামলা করেন।

নানুপুর ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালিয়ে তারা হামলার প্রস্তুতি নিয়েছিলেন

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গত শুক্রবার জুমার নামাজ চলাকালে নানুপুর বাজারে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়েছিল। মিছিলটির নেতৃত্বে ছিলেন স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিম। ওই মিছিলের প্রতিবাদস্বরূপ শনিবার বিকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাল্টা মিছিল নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে এ সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. রহমত উল্লাহ এবং চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তারেক আজিজ।

নির্বাহী হাকিম মো. রহমত উল্লাহ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি শান্ত করতে পুলিশ মাঠে রয়েছে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। অপরাধী যেই হোক তাদের গ্রেফতার করা হবে।

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক তিন এমপি ও এক সাবেক মেয়রের বাড়িতে হামলা 

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য (এমপি) ও এক পৌর মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে গত শুক্রবার রাত ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতার বাড়িতেও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে সন্ত্রাসবিরোধী সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। সভা শেষে উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপজেলা শহরে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এরপর সাবেক দুই সংসদ সদস্য ও সাবেক পৌর মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এরপর শুক্রবার রাত আটটার দিকে কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির সহসভাপতি এস এম রাকিবুল আহসানের এতিমখানা এলাকার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে সংঘবদ্ধ একটি দল। এর প্রায় আধা ঘণ্টা পর সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহিব্বুর রহমানের কলাপাড়ার বাসভবনে ভাঙচুর চালানো হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সহসভাপতি।

সন্ত্রাসবিরোধী সভার পর সাবেক দুই সংসদ সদস্য ও এক পৌর মেয়রের বাড়িতে হামলা-ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন শিকদার বলেন, ‘আওয়ামী লীগের কিছু লোক অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। এর প্রতিবাদে আমরা সন্ত্রাসবিরোধী সভা করি। যেভাবে ঘটনা প্রকাশ করা হচ্ছে, ততটা হামলা-ভাঙচুর হয়নি। হয়তো দরজায় চার-পাঁচটা আঘাত করেছে।’

হামলা ও ভাঙচুরের বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।’

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পটুয়াখালী জেলা শহরের পুরানবাজার এলাকায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুন নেছার বাড়ির মূল ফটকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তার পুত্রবধূ রোকসানা পারভীন বলেন, ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সীমানাপ্রাচীরের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। বাড়িতে ঢুকতে না পেরে তারা মূল ফটকে ভাঙচুর চালায়।

লুৎফুন নেছা দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পটুয়াখালী জেলা কমিটির সহসভাপতি সুলতান আহমেদের স্ত্রী।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, হামলার খবর পেয়ে সাবেক নারী সংসদ সদস্যের বাসার সামনে পুলিশ পাঠানো হয়েছিল। এ সময় কেউ কোনো অভিযোগ করেননি। পরে পুলিশ ফিরে আসে।

শেখ মুজিবুর রহমানের সমাধি পরিচ্ছন্ন করল নেতাকর্মীরা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন দাবি করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন নেতাকর্মী ও স্থানীয়রা। শনিবার সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলাম স্থানীয়দের নিয়ে সমাধিসৌধ ধোয়া-মোছার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগদের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে অনেক নারী শিশু, সাধারণ মানুষ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা সামগ্রী নিয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ধোয়া-মোছার কাজ করছেন। তখন তাদের কাছে জানতে চাইলে অংশগ্রহণকারীরা জানান, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় বিবেচনা থেকে নয়, বরং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতি ভালোবাসা থেকেই সকাল থেকে সমাধিসৌধের প্রাঙ্গণ পরিষ্কার করছেন। কারণ ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া ফিরেই দেখতে পারেন তার পিতার সমাধি টুঙ্গিপাড়ায় আগের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে।

ডুমরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিন মোর্তুজা বলেন, ‘জাতির পিতার সমাধিসৌধে দীর্ঘ ২৭ মাস ধরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন অন্যায় অবিচার করে আমাদের দাবিয়ে রাখা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে আসবেন। এটিকে কেন্দ্র করে আজকে সমাধি কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। এই কাজ সরকারিভাবে করা হচ্ছে না। সাধারণ জনগণ ভালোবেসে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন।’

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক বলেন, ‘আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনব, এই শপথ নিয়ে আমরা শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিষ্কার করছি। যাতে আমাদের নেত্রী টুঙ্গিপাড়া এসে দেখতে পারেন জাতির পিতার সমাধিসৌধ ঝকঝক করছে। এ ছাড়া যতদিন শেখ হাসিনা দেশে না আসবেন, ততদিন আমাদের লড়াই সংগ্রাম চলমান থাকবে।’

টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘ইউনূস ও তারেক রহমানের সরকার শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বন্ধ করে রেখেছিল। আজ যখন গোপালগঞ্জ স্বাধীন, আমরা এসে দেখি সমাধিসৌধের অবস্থা খুবই জরাজীর্ণ। যে স্থানে একটা পাতা পড়লে সরিয়ে নেওয়া হতো সেই স্থান ময়লা আবর্জনায় ভরপুর। তখন বিভিন্ন গ্রাম থেকে আপামর জনতা এসে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে।‌ বিষয়ে পুলিশ বা প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা কারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সময়ের আলো/প্রিন্ট/আতা
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: