গণভোটের রায় মানলেই আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হলে আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে লড়াই চালিয়ে

2026-11-21T18:06:33+00:00
2026-11-21T18:07:15+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
রাজনীতি
ঢাকায় বিক্ষোভ সমাবেশে গোলাম পরওয়ার
গণভোটের রায় মানলেই আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:০৬ পিএম  আপডেট: ২১.১১.২০২৬ ৬:০৭ পিএম
বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হলে আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার গণভোটের রায় মেনে নিলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জামায়াত রাজনৈতিক সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে শনিবার (২১ নভেম্বর) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামায়াতের ঢাকা মহানগরী শাখা। দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘সরকার গণভোটের রায় মেনে নিলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা আমাদের রাজনৈতিক সর্বশক্তি নিয়ে রাজপথে ভূমিকা অব্যাহত রাখব।’

পুলিশের থানা ছেড়ে পালিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরির জন্য বিএনপি সরকারকে দায়ী করে জামায়াতের এই নেতা বলেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন না, সরকারের এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে পারেন না এবং যাদের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিচ্ছে, তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে—সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভায় রাখা হবে কি না, তা প্রধানমন্ত্রীর বিবেচনা করা জরুরি।

প্রধানমন্ত্রীকে সতর্ক করে তিনি বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের গ্রেফতারের খবর সরকার ও বিএনপির জন্য শুভ নয়। তার মতে, এরা সরকারকে ব্যর্থ করে পতনের দিকে ঠেলে দেবে। তবে এখনই সরকারের পদত্যাগ দাবি করছেন না জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, তারা চান সরকার ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনা করুক।

গণভোটের রায় বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গণভোটের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে আইন পাস করা গেলেও তা টেকসই করা যায় না। টেকসই আইনের জন্য গণভোটের বিকল্প নেই। দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। সরকারের দায়িত্ব হলো সেই রায় বাস্তবায়নে সংসদে বিল উত্থাপন করা এবং সরকারি ও বিরোধী দলের সম্মিলিত উদ্যোগে তা পাস করা।

একদলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে দ্রুত গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে জামায়াত অতীতের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে এবং সরকারকে পূর্ণ সহযোগিতা করবে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে বাংলাদেশের প্রতিটি সংকটে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতিবারই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এ কারণে জামায়াতে ইসলামীসহ পুরো জাতি সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে আসছে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যার পর যারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। সরকারের এমপি-মন্ত্রীদের বাড়িতে আগুন দেওয়া হলেও স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিষয়ে তিনি অভিযোগ করেন, ভারত থেকে সাত বছরের প্রশিক্ষণ নিয়ে দেশে আসা সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়ে বিএনপি সরকার নিজেদের পতন ডেকে আনছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে তিনি যেখানে সাত বছর ছিলেন, তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন বলেও মন্তব্য করেন রফিকুল ইসলাম খান।

আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার হাতে যখন পুরো রাষ্ট্রযন্ত্র ছিল, তখনই তিনি পালিয়ে গেছেন। এখন শূন্য হাতে বাংলাদেশে ফিরবেন—এটি কেবল দিবাস্বপ্ন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বিএনপি সরকারকে গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। তা করা হলে কোনো অপশক্তি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না এবং জনগণ ঐক্যবদ্ধভাবে আগুন সন্ত্রাসীদের প্রতিহত করবে।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের সময় কোনো এমপি-মন্ত্রীদের গাড়ি ভাঙচুর বা তাদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। অথচ বিএনপি সরকার নিজেদের এমপি-মন্ত্রীদেরই নিরাপত্তা দিতে পারছে না। আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে সরকারকে রক্ষা করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। আর সেই ঐক্য প্রতিষ্ঠায় ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

সমাবেশের যৌথ পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। এতে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি যৌথভাবে ইঞ্জিনিয়ারিং করেছিল। বিএনপি ভেবেছিল, আওয়ামী লীগ তাদের শান্তিতে দেশ পরিচালনা করতে দেবে। কিন্তু গোপালগঞ্জের নৈরাজ্যের মধ্য দিয়ে আওয়ামী লীগ বিএনপিকে আঘাত করতে শুরু করেছে।

তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদ মেনে নিলে তাদের সঙ্গে ঐক্য হবে। জাতীয় ঐক্য গড়ে তুলে পাড়া-মহল্লায় আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, নির্বাচনে জামায়াতকে ঠেকাতে বিএনপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করেছিল। এ কারণে এখন আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না বিএনপি। জাতীয় ঐক্য গড়ে তুলতে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে বিএনপি সরকারের সামনে আরও ভয়াবহ দিন আসতে পারে।

সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির এবং সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিদেশে থেকে বাংলাদেশে নৈরাজ্য চালাচ্ছে। কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের লক্ষ্য হলো নিরীহ কর্মী-সমর্থকদের ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টি এবং সরকারকে ব্যর্থ করে দেওয়া।


তিনি বলেন, গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। গণভোটের রায় মেনে সনদ বাস্তবায়ন করা হলে জাতীয় ঐক্য অটুট থাকবে এবং আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে জনগণ রাজপথে নেমে আসবে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সরকারের ‘তলে তলে অতিরিক্ত মাখামাখি’ বন্ধ না হলে সরকার সফল হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাতসহ মহানগরী উত্তর ও দক্ষিণের শুরা ও কর্মপরিষদের সদস্যরা।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে হাজারো নেতাকর্মী ও স্থানীয় জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আয়োজিত মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। 

সময়ের আলো/জেডি 



  বিষয়:   গণভোট  রায়  আওয়ামী লীগ  জামায়াত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: