প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৪০ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। সংগৃহীত ছবিজাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, এর মাধ্যমে সরকার প্রকৃতপক্ষে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় আগ্রহী কি না, তা রাজনৈতিক দল ও জনগণের কাছে স্পষ্ট হবে। অন্যথায় ধারণা করা হবে, সরকার কেবল ডিসেম্বর মাসে আওয়ামী লীগকে প্রতিহত করার উদ্দেশ্যে ঐকমত্য চাইছে। এরপর জানুয়ারিতে একদলীয় কমিটির মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করে ফেলবে।
রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার যথাযথ বিচার দ্রুত সম্পন্ন করা এবং আসন্ন গঙ্গা চুক্তি নবায়নসহ দেশের গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুতে সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। একই সঙ্গে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিষয়েও বিএনপি সরকারকে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। এসব বিষয়ে অঙ্গীকার থাকলেই কেবল জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও বলেন, সরকার ডিসেম্বরে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য জাতীয় ঐকমত্যের কথা বলবে, অথচ জানুয়ারিতে আবার একদলীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধন করবে। এমন কোনো ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।
পতিত ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলেই হবে না। জুলাই গণঅভ্যুত্থানের সময় জনগণের মধ্যে এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক শক্তির মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যই ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করতে সক্ষম।
এ সময় বিমানবন্দরে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/ইউএমএইচ