প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:৩৬ এএম
রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত বিএনপিতে ফিরছেন রুমিন ফারহানা—রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে তৈরি হয় নানা জল্পনা-কল্পনা। তবে দলটিতে ফেরার কোনো আবেদন করেননি বলে জানিয়ে সব গুঞ্জনে নিজেই ইতি টানলেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন রুমিন ফারহানা। তিনি জানান, বিএনপিতে ফেরার বিষয়ে তার কোনো আবেদন নেই। এমনকি তার কোনো বক্তব্য বা আচরণেও দলটিতে ফেরার ইঙ্গিত খোঁজার সুযোগ নেই।
ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করি নাই। আমার কোনো কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করিনা। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’
রুমিনের এই বক্তব্যের পেছনে রয়েছে বিএনপির বহিষ্কৃত নেতাদের দলে ফেরার আবেদন নিয়ে সাম্প্রতিক আলোচনা। গত রোববার (২২ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্যের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের মধ্যে অনেকে নিজেদের ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন।
ওই বক্তব্যে আরও বলা হয়, স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা প্রয়োজন কিংবা যাঁদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
রিজভীর বক্তব্য সামনে আসার পর বহিষ্কৃত নেতাদের দলে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। সেই আলোচনায় উঠে আসে রুমিন ফারহানার নামও। তাকে ঘিরে তৈরি হয় বিএনপিতে ফেরার গুঞ্জন। তবে নিজের ফেসবুক পোস্টে সেই জল্পনার সরাসরি জবাব দিয়ে জানিয়ে দিলেন, দলে ফেরার কোনো আবেদন তিনি করেননি।
সময়ের আলো/জেডি