প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবিঅস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
বিমানবন্দরে তাকে বিদায় জানাতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সমবেত হন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এই সফরে তিনি সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন।
এসব অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, পেশাজীবী, শিক্ষাবিদ ও কমিউনিটি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদলে আরও ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।
সফরের শুরুতে ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর পর ২১ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন।
একই দিন বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটোরিয়ামে শিশু-কিশোরদের আনন্দমেলা এবং ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন।
পরদিন ২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটোরিয়ামে আয়োজিত ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত আমির।
এছাড়া ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি প্রবাসীদের দেশের উন্নয়নে তাদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।
সময়ের আলো/ইউএমএইচ