
বরিশালে ক্যানসার কিডনি ও হৃদরোগ হাসপাতাল। ছবি : সময়ের আলো
বরিশালে ক্যানসার কিডনি ও হৃদরোগ হাসপাতাল। ছবি : সময়ের আলোদক্ষিণাঞ্চলের ক্যানসার, কিডনি ও হৃদ্রোগীদের উন্নত চিকিৎসার সুযোগ তৈরির লক্ষ্যে বরিশালে ৪৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ছয় বছর আগে। কিন্তু দুই দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর পরও চালু করা যায়নি হাসপাতালটি। নির্মাণকাজ শেষ না হওয়ায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ অঞ্চলের রোগীরা। এর মধ্যে বেড়েছে প্রকল্পের ব্যয়ও।
জটিল রোগের চিকিৎসাসংকট কমাতে ২০২০ সালে দেশের আটটি বিভাগীয় শহরে ক্যানসার, কিডনি ও হৃদ্রোগ চিকিৎসাকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে প্রায় তিন একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রটি। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্প বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে দীর্ঘসূত্রতা।
বারবার বাড়ছে প্রকল্পের মেয়াদ ও ব্যয়
৪৬০ শয্যার এই চিকিৎসাকেন্দ্রের জন্য ১৪ হাজার বর্গফুটের ১৫ তলা ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০২০ সালের নভেম্বরে। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান বিল্ডার্স। চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা ছিল প্রতিষ্ঠানটির।
বরিশাল গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ২৩৮ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার টাকা। এর মধ্যে ৯৯ কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকা চুক্তিমূল্যে বেজমেন্টসহ ১৫ তলা ভবনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তিন দফায় প্রকল্পের ব্যয় সংশোধনের পর তা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ কোটি টাকায়। তবে ভবিষ্যতে এই ব্যয় আরও বাড়তে পারে।
বাস্তবায়নকারী সংস্থা গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানান, চিকিৎসা সরঞ্জাম, আসবাবপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য বরাদ্দ ২০২২ সালে একবার বাড়ানো হয়েছিল। কিন্তু এরই মধ্যে এসব সরঞ্জামের দাম কয়েক গুণ বেড়েছে। এ কারণে নতুন করে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানোর আবেদনও পাঠানো হয়েছে। প্রস্তাবটি এখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
গত ৪ নভেম্বর আটটি বিভাগীয় শহরে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক হাসান ফিরোজের সঙ্গে এ বিষয়ে কথা হয়। বরাদ্দ কত টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, অনুমোদনের আগে এ বিষয়ে কিছু বলা যাবে না।
অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। প্রথম দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। এরপর দ্বিতীয় দফায় সময় বাড়ানো হয় ২০২৫ সালের জুন পর্যন্ত। কিন্তু ওই সময়েও ভবনের নির্মাণকাজ শেষ হয়েছিল প্রায় ৮০ শতাংশ। পরে তৃতীয় দফায় আরও এক বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়।
তবে কাজের ধীরগতির জন্য নিজেদের কোনো গাফিলতি নেই বলে দাবি করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান বিল্ডার্সের ব্যবস্থাপক রিপন তালুকদার। তিনি বলেন, আমাদের গাফিলতি নয়; বরং সময়মতো বরাদ্দ না পাওয়াসহ নানা সীমাবদ্ধতার কারণে চুক্তি অনুযায়ী কাজ শেষ করা যায়নি।
প্রকল্পের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম বলেন, সময়ের সঙ্গে সবকিছুর দাম বাড়ে। সে অনুযায়ী এ ধরনের প্রকল্পের ব্যয়ও বাড়তে পারে। এটি স্বাভাবিক। তবে বরিশালের এই প্রকল্পে সেই তুলনায় ব্যয় খুব বেশি বাড়েনি।
বাড়ছে ক্যানসার রোগী, চিকিৎসার সংকট
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু প্রয়োজনের তুলনায় চিকিৎসার সুযোগ ও সরঞ্জাম অপ্রতুল।
বিভাগটিতে আগে ২৭টি শয্যা থাকলেও বছরখানেক আগে তা কমিয়ে ২১টি করা হয়েছে। অন্যদিকে রোগীর চাপ বেড়েই চলেছে। শয্যাসংকটের কারণে অনেক রোগী হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন না। প্রতিদিন বহির্বিভাগে গড়ে ৪০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
শুধু শয্যাসংকট নয়, দীর্ঘদিন ধরে অচল রয়েছে ক্যানসার চিকিৎসার গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিও। ২০১৫ সাল থেকে বিভাগের রেডিওথেরাপি যন্ত্রটি নষ্ট। এ ছাড়া রেডিওলজি, রেডিও টেলিথেরাপি ও ব্র্যাকিথেরাপির যন্ত্র প্রায় এক দশক ধরে অচল ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
ফলে প্রয়োজনীয় চিকিৎসা নিতে রোগীদের রাজধানী ঢাকায় যেতে হচ্ছে। এতে চিকিৎসার খরচের পাশাপাশি যাতায়াত, সময় ও শারীরিক ভোগান্তিও বাড়ছে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রধান আ ন ম মঈনুল ইসলাম বলেন, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রটি চালু হলে দক্ষিণাঞ্চলে ক্যানসার চিকিৎসার সংকট অনেকটাই কমবে। তাই যত দ্রুত সম্ভব হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
ক্যানসারের চিকিৎসায় নিঃস্ব পরিবার
ক্যানসারের চিকিৎসা নিতে গিয়ে আর্থিক সংকটে পড়া পরিবারের একটি উদাহরণ বরিশালের সরকারি বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান ইতি। কোলন ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকেই চিকিৎসার জন্য তাকে বারবার ঢাকায় যেতে হচ্ছে। রোগের শারীরিক ও মানসিক যন্ত্রণার পাশাপাশি চিকিৎসার ব্যয় এবং যাতায়াতের দুর্ভোগ সামলাতে হচ্ছে তাকে।
ইসরাতের বাবা আবদুল খালেক ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে দারোয়ানের চাকরি করেন। পাঁচ মেয়েকে নিয়ে সংসার চালাতেই তাকে হিমশিম খেতে হয়। এর মধ্যে মেয়ের ক্যানসার ধরা পড়ায় পুরো পরিবার পড়েছে চরম আর্থিক সংকটে।
ঝালকাঠির রাজাপুরের বাসিন্দা আবদুল খালেক বলেন, এরই মধ্যে বাড়িতে সামান্য কৃষিজমি ছিল, তা বিক্রি করে দিয়েছি। এরপর আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা ও ঋণ করে মেয়ের চিকিৎসায় ১২ লাখ টাকা ব্যয় করেছি। চিকিৎসায় আরও অনেক টাকার প্রয়োজন। কিন্তু অর্থাভাবে এখন আর চিকিৎসা করাতে পারছি না। জানি না কী হবে?
বরিশালে বিশেষায়িত হাসপাতালটি চালু হলে ইসরাতের মতো দক্ষিণাঞ্চলের হাজারো ক্যানসার রোগী নিজ অঞ্চলে চিকিৎসার সুযোগ পেতেন। কমত তাদের যাতায়াতের দুর্ভোগ ও চিকিৎসার বাড়তি ব্যয়। তাই দ্রুত নির্মাণকাজ শেষ করে হাসপাতালটি চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সময়ের আলো/জোই