মাছশূন্য হয়ে পড়ছে হাওড়

নেত্রকোনা সংবাদদাতা

সারাদেশ

একসময় হাওড়ে জাল ফেললেই মিলত ট্যাংরা, পুঁটি, বোয়ালি, আইড়, রুই-কাতলাসহ নানা প্রজাতির দেশি মাছ। দিন-রাত মাছ ধরে জীবিকা চলত জেলেদের,

2026-11-25T22:23:44+00:00
2026-11-25T22:23:44+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
মাছশূন্য হয়ে পড়ছে হাওড়
নেত্রকোনা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:২৩ পিএম 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
একসময় হাওড়ে জাল ফেললেই মিলত ট্যাংরা, পুঁটি, বোয়ালি, আইড়, রুই-কাতলাসহ নানা প্রজাতির দেশি মাছ। দিন-রাত মাছ ধরে জীবিকা চলত জেলেদের, জমজমাট ছিল মাছের ব্যবসাও। সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। ঘণ্টার পর ঘণ্টা জাল ফেলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। নেত্রকোনার খালিয়াজুরীর হাওড়াঞ্চলে মাছের এমন সংকটে বিপাকে পড়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। 

৩৫ বছর ধরে হাওড়ে মাছ ধরা জেলে সজল বর্মণের চোখের সামনেই বদলে গেছে মাছের প্রাচুর্যের সেই চেনা দৃশ্য। এখন অনেক দিন জাল টেনেও জেলেদের ভাগ্যে জুটছে মাত্র ১০০ থেকে ৩০০ টাকার মাছ। সজল বর্মণ বলেন, আগে এই নদীতে জাল ফেললেই মাছ পেতাম। দিন-রাত নদীর পানিতেই থেকেছি। কত রকমের দেশি মাছ যে ধরেছি, তার হিসাব নেই। এখন ঘণ্টার পর ঘণ্টা জাল ফেলে বসে থাকলেও তেমন মাছ মেলে না। নদীর পানি আছে, কিন্তু মাছ আর আগের মতো নেই। ৩৫ বছর ধরে মাছ ধরছি, নিজের চোখের সামনে নদীর এমন পরিবর্তন দেখছি। আগের সেই মাছের দিনগুলা এখন শুধু মনে পড়ে। শুধু জেলেরা নন, নদী-হাওড়ের মাছকে ঘিরে গড়ে ওঠা ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরাও পড়েছেন বিপাকে। 

কমছে মাছ, বদলাচ্ছে জেলেদের জীবন
একসময় নেত্রকোনার খালিয়াজুরীসহ হাওড়াঞ্চলের কংস, ধনু ও সোমেশ্বরী নদী ছিল দেশি মাছের ভান্ডার। জাল ফেললেই নৌকা ভরে উঠত নানা প্রজাতির মাছে। সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। চায়না দুয়ারি জাল দিয়ে ছোট-বড় মাছ নিধন করার কারণে হুমকিতে পড়েছে মিঠা পানির মৎস্য ভান্ডার ও জীববৈচিত্র্যও।

স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে জাল টেনেও এখন বাতাই, বাঁশপাতালি, রানী মাছ, চিংড়িসহ অনেক দেশি মাছের দেখা মেলে না। কখনো কয়েক ঘণ্টা নদীতে থাকার পর জালে ওঠে সামান্য মাছ। সেই মাছ বিক্রির টাকায় সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানোই কঠিন হয়ে পড়েছে।

৬৪ প্রজাতির মাছ বিলুপ্তির পথে
জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলায় ছোট-বড় ১২টি নদী, ৬৬টি হাওড়, ৪৫৬টি বিল ও ১৮৩টি খাল রয়েছে। এসব জলাশয়ের মোট আয়তন ৪৮ হাজার ৯১৩ দশমিক ২৯ হেক্টর। এসব উৎস থেকে বছরে প্রায় ১ লাখ ১০ হাজার ৭২ দশমিক ৯১ টন মাছ আহরণ করা হয়। তবে এক দশক আগের তুলনায় মাছের প্রাচুর্য ও বৈচিত্র্য কমেছে। মৎস্য অধিদফতরের তথ্য অনুযায়ী এক যুগ আগে নেত্রকোনার হাওড়ে ২৫৩ প্রজাতির মাছ পাওয়া যেত। এর মধ্যে অন্তত ৬৪ প্রজাতি এখন বিলুপ্তির পথে। ৩০ প্রজাতি সংকটাপন্ন এবং ৯ প্রজাতি চরম সংকটাপন্ন অবস্থায় রয়েছে।

মৎস্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী মহাবিপন্ন অবস্থায় রয়েছে টাটকিনি, ঘারুয়া, চাকা, বাগাড়, রিঠা, রানী, পাঙাশ, বামোশ, নাফতানী, চিতল, একথুটি, মহাশোল ও সরপুঁটি। সংকটাপন্ন অবস্থায় রয়েছে বাচা, ছেপ চেলা, ঢেলা, বাঁশপাতা, কুঁচে, নাপতে কই, রায়েক, কাক্কিয়া, টেংরা, ফলি ও গুজি আইড়। বিপন্ন অবস্থায় রয়েছে গোলসা, গনিয়া, দাড়কিনা, আইড়, পাবদা, বড় বাইম, গজার, তাঁরা বাইম, তিতপুঁটি, নামা চান্দা, কালিবাউশ, নান্দিনা, ঘোড়া, মধু পাবদা, খাশ খাইরা, এলং, তিলা শোল, খলিশা, বেদুরী, মেনি, শালবাইম, রায়েক ও গাং মাগুরসহ বিভিন্ন প্রজাতি।

পোনা নিধনে বাড়ছে সংকট
জেলেদের অভিযোগ, দেশি মাছ কমে যাওয়ার অন্যতম কারণ অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহার। কারেন্ট জাল, চায়না দুয়ারি ও অতিরিক্ত সূক্ষ্ম ফাঁসের জালে বড় মাছের পাশাপাশি নির্বিচারে ধরা পড়ছে ছোট মাছ ও পোনা। এতে মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে না। প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ ধরা এবং প্রজননক্ষেত্রে জাল ফেলায় বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক বংশবিস্তার।

শুধু জীবিকা নয়, হুমকিতে জীববৈচিত্র্য
দেশি মাছের সংকট শুধু জেলেদের জীবিকার ওপর প্রভাব ফেলছে না, হুমকির মুখে পড়ছে হাওড়ের জলজ জীববৈচিত্র্যও। মাছের প্রজাতি কমে গেলে খাদ্যশৃঙ্খল ও জলজ পরিবেশের ভারসাম্যেও প্রভাব পড়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মৎস্য বিশেষজ্ঞ মাসুদ আলম খান বলেন, মাছের উৎপাদন বাড়ানো এবং বিলুপ্তি ঠেকাতে হাওড়ের জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। মা মাছের নির্বিঘ্নে বেড়ে ওঠা ও প্রজননের সুযোগ তৈরি করা জরুরি। এ জন্য উন্মুক্ত জলাশয়, বিল ও নদীতে অভয়াশ্রম স্থাপন প্রয়োজন। তিনি আরও বলেন, দিন দিন জলাশয়ের গভীরতা কমে যাওয়া এবং পানি শুকিয়ে যাওয়ায় মাছের আবাসস্থল নষ্ট হচ্ছে। বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়ার কারণে মাছ স্রোতশীল পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। এতে তাদের প্রজননও বাধাগ্রস্ত হচ্ছে।

অভয়াশ্রমের পরিকল্পনা
নেত্রকোনা জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ বলেন, জেলার ১০ উপজেলায় ১ লাখ ৮ হাজার টন মাছের উৎপাদন হয়। হাওড়াঞ্চলে উৎপাদিত মাছের পরিমাণ প্রায় সাড়ে ২৭ হাজার টন। হাওড়ে নতুন পানি আসার সময় জুন, জুলাই ও আগস্ট মাছ আহরণ বন্ধ রাখতে পারলে দেশি মাছের বিলুপ্তি অনেকটা ঠেকানো সম্ভব। এ ছাড়া শুকনো মৌসুমে অনেক সময় আইন অমান্য করে বিল-জলাশয় সেচে মাছ আহরণ করা হয়। এ ধরনের কার্যক্রম বন্ধেও ব্যবস্থা নেওয়া দরকার। বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণের জন্য হাওড়ে স্থায়ী মাছের অভয়াশ্রম করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে বিলুপ্তির পথে থাকা অনেক প্রজাতির মাছ আবারও হাওড়ে ফিরিয়ে আনা সম্ভব হবে।

জেলেদের দাবি, শুধু অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করলেই সমস্যার সমাধান হবে না। নদীর নাব্যতা ফিরিয়ে আনা, মাছের প্রজননক্ষেত্র রক্ষা, অভয়াশ্রমে নজরদারি বাড়ানো এবং প্রজনন মৌসুমে মাছ ধরা কার্যকরভাবে বন্ধ করতে হবে। একই সঙ্গে মাছ কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরিরও দাবি তাদের।

প্রবীণ জেলেদের আশঙ্কা, এভাবে মাছ কমতে থাকলে আগামী প্রজন্মের কাছে হাওড়ের বহু দেশি মাছ শুধু গল্প আর ছবিতেই পরিচিত হয়ে থাকবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   হাওড়  জাল  ট্যাংরা  পুঁটি  বোয়ালি  আইড়  রুই  কাতলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: