
হোমনা সদর লঞ্চঘাট। ছবি : সময়ের আলো
হোমনা সদর লঞ্চঘাট। ছবি : সময়ের আলোকুমিল্লার হোমনা সদর লঞ্চঘাটে পন্টুন না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। নিরাপদে লঞ্চে ওঠানামার কোনো ব্যবস্থা না থাকায় প্রতিদিন শত শত মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। গত ২৮ অক্টোবর মেরামতের কথা বলে ঘাটের পন্টুন সরিয়ে নেওয়ার পর থেকেই এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পন্টুন না থাকায় কাঠের খাড়া মই বেয়ে লঞ্চে ওঠানামা করতে হচ্ছে যাত্রীদের। এতে প্রায়ই ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা।
উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এই নৌ ঘাটটি দীর্ঘদিন ধরে কার্যত অরক্ষিত অবস্থায় রয়েছে। সরেজমিনে দেখা যায়, ঘাটে কোনো পন্টুন বা নিরাপদ সিঁড়ির ব্যবস্থা নেই। লঞ্চে ওঠানামার জন্য ব্যবহার করতে হচ্ছে খাড়া কাঠের মই। এতে বিশেষ করে বয়স্ক, নারী ও শিশুদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, পন্টুন না থাকায় লঞ্চে উঠতে ভয় লাগে। পা পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আরেক যাত্রী বলেন, বয়স্ক ও শিশুদের নিয়ে লঞ্চে ওঠানামা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দ্রুত পন্টুনের ব্যবস্থা করা প্রয়োজন।
এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন লঞ্চের কর্মীরাও। এমভি মিশু লঞ্চের সারেং মো. মোস্তফা বলেন, জেটি না থাকায় যাত্রীদের ওঠানামায় অনেক সমস্যা হচ্ছে। মাঝেমধ্যে যাত্রীরা পড়ে গিয়ে আহতও হয়েছেন।
পন্টুন সরিয়ে নেওয়ার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ঘাটের ইজারাদার মো. মোসলেম। তিনি বলেন, তাকে না জানিয়েই রাতে পন্টুনটি নিয়ে যাওয়া হয়েছে। মেরামতের জন্য নেওয়ার প্রয়োজন হলেও বিকল্প জেটির ব্যবস্থা করে এবং তাকে অবহিত করে নেওয়া উচিত ছিল। দীর্ঘদিন ধরে জেটি না থাকায় যাত্রীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে ঘাটের ইজারাদার হিসেবেও তাকে সমস্যায় পড়তে হচ্ছে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পন্টুনে ত্রুটি দেখা দেওয়ায় সেটি মেরামতের জন্য নেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ চাঁদপুরের পোর্ট অফিসার কামরুজ্জামান বলেন, পন্টুন সরিয়ে নেওয়ার পর ইজারাদারের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। এটি গুরুত্বপূর্ণ একটি ঘাট। পন্টুন না থাকায় যাত্রী ও ইজারাদার উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিকল্প পন্টুনের ব্যবস্থা না থাকায় আপাতত মেরামত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ১৫ দিন থেকে এক মাসের মধ্যে কাজ শেষ হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। এ বিষয়ে নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ কার্যালয়ের নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের উপপরিচালক মো. মাসুদ বলেন, পন্টুনের নিচে ছিদ্র হয়ে পানি ঢুকছিল। এ কারণে সেটি ডকইয়ার্ডে নিয়ে মেরামত করা হচ্ছে। অতিরিক্ত পন্টুন না থাকায় তাৎক্ষণিকভাবে বিকল্প ব্যবস্থা করা সম্ভব হয়নি। তবে ইজারাদার পোর্ট অফিসারের মাধ্যমে আবেদন করলে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিলে অন্য একটি পন্টুন দেওয়ার ব্যবস্থা করা হবে। দ্রুত মেরামতকাজ শেষ করতে নিয়মিত তদারকি চলছে।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন বলেন, উপজেলায় বিআইডব্লিউটিএর কোনো কার্যালয় না থাকায় বিষয়টি তার জানা ছিল না। তবে জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যাত্রী ও স্থানীয়দের প্রশ্ন, গুরুত্বপূর্ণ এই লঞ্চঘাটে আর কতদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হবে? বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই পন্টুন ফিরিয়ে এনে নিরাপদে ওঠানামার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
সময়ের আলো/জোই