শিয়ালের আক্রমণে মারা গেল বিজলী

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নাম তার বিজলী। বনের অন্য দশটি হরিণের মতো মানুষের কাছ থেকে দূরে থাকত না সে। লোকালয়ে ঘুরে বেড়াত, মানুষের হাত

2026-11-25T22:58:20+00:00
2026-11-25T22:58:20+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
শিয়ালের আক্রমণে মারা গেল বিজলী
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ পিএম 
শিয়ালের গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত মারা গেল মায়াবী চিত্রা হরিণ বিজলী। ছবি : সময়ের আলো
শিয়ালের গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত মারা গেল মায়াবী চিত্রা হরিণ বিজলী। ছবি : সময়ের আলো
নাম তার বিজলী। বনের অন্য দশটি হরিণের মতো মানুষের কাছ থেকে দূরে থাকত না সে। লোকালয়ে ঘুরে বেড়াত, মানুষের হাত থেকে খাবার খেত, শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্কদের সঙ্গেও গড়ে উঠেছিল তার নিবিড় সখ্য। নিঝুমদ্বীপের বাসিন্দাদের কাছে সে ছিল কেবল একটি বন্য প্রাণী নয়, বরং পরিবারেরই একজন সদস্য। দীর্ঘ ৯-১০ বছর ধরে মানুষের ভালোবাসা ও আদর-যত্নে বেড়ে ওঠা সেই মায়াবী চিত্রা হরিণ বিজলী আর নেই। শিয়ালের আক্রমণে গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত মারা গেছে সে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দ্বীপে।

বুধবার দুপুরে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী বিজলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজার এলাকায় শিয়ালের আক্রমণে গুরুতর আহত হয় বিজলী। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হওয়ায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। পরে বন বিভাগের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নামার বাজার জামে মসজিদের কবরস্থানে তাকে মাটিচাপা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে বন থেকে অসুস্থ অবস্থায় বিজলীকে নামার বাজারে নিয়ে আসা হয়। তখন থেকেই স্থানীয় বাসিন্দারা তাকে দুধ খাইয়ে আদর-যত্নে বড় করে তোলেন। মানুষের সান্নিধ্যে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে ওঠে সে। একসময় লোকালয়ই হয়ে ওঠে তার বিচরণক্ষেত্র। মানুষের সঙ্গে তৈরি হয় এক অন্যরকম সম্পর্ক।

দীর্ঘ ৯-১০ বছর ধরে নামার বাজার ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াত বিজলী। স্থানীয়রা তাকে চিনত নাম ধরে। কেউ খাবার দিলে কাছে চলে আসত, কেউ আদর করলে সেখানেই দাঁড়িয়ে থাকত। মানুষের প্রতি তার এমন নির্ভরতা ও সহজাত আচরণ তাকে অন্য বন্য প্রাণীদের থেকে আলাদা করে তুলেছিল।

নিঝুমদ্বীপে ঘুরতে আসা দেশি-বিদেশি পর্যটকদের কাছেও পরিচিত ছিল বিজলী। দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসা অনেক পর্যটকই তার সঙ্গে সময় কাটাত। কেউ ছবি তুলত, কেউ খাবার দিত, আবার কেউ তার সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতি নিয়ে ফিরত।

স্থানীয়দের কাছে বিজলী ছিল দীর্ঘদিনের পরিচিত সঙ্গী। তার বিচরণ, মানুষের কাছে ছুটে আসা কিংবা নির্ভয়ে লোকালয়ে ঘুরে বেড়ানোর দৃশ্য ছিল দ্বীপের দৈনন্দিন জীবনের অংশ। তাই তার মৃত্যুতে শুধু একটি হরিণের মৃত্যু হয়নি, যেন হারিয়ে গেছে দ্বীপবাসীর দীর্ঘদিনের এক ভালোবাসার সঙ্গী।

মঙ্গলবার রাত ৩টার দিকে শিয়ালের আক্রমণে গুরুতর আহত হয় বিজলী। আক্রমণে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তার মৃত্যু হয়। দীর্ঘদিন মানুষের ভালোবাসায় নিরাপদে বেড়ে ওঠা হরিণটির এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না স্থানীয়রা।

জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী বলেন, শিয়ালের আক্রমণে বিজলী গুরুতর আহত হয়েছিল। পরে তার মৃত্যু হয়। বন বিভাগের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।

বিজলী নেই, কিন্তু নিঝুমদ্বীপের মানুষের স্মৃতিতে থেকে যাবে তার দীর্ঘদিনের বিচরণ, মানুষের হাত থেকে খাবার খাওয়া আর নির্ভয়ে লোকালয়ে ঘুরে বেড়ানোর দৃশ্য। যে দ্বীপের মানুষের ভালোবাসায় তার বেড়ে ওঠা, সেই দ্বীপেই শেষ আশ্রয় হলো তার। বিজলীর চলে যাওয়া তাই নিছক একটি প্রাণীর মৃত্যু নয়, দ্বীপবাসীর কাছে দীর্ঘদিনের এক মায়ার বন্ধন ছিন্ন হওয়ার বেদনাও।

সময়ের আলো/আতা
  বিষয়:   শিয়াল  হরিন  সময়ের আলো  বন্য প্রাণী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: