সফল প্রতিস্থাপন, স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

প্রধান শিক্ষিকা স্ত্রী মন্দিরা রানী পালের কিডনি দানে নতুন জীবন ফিরে পেয়েছেন সহকারী শিক্ষক সুদাম পাল। বরিশালের গৌরনদী উপজেলার এ

2026-11-25T22:52:30+00:00
2026-11-25T22:52:30+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
সফল প্রতিস্থাপন, স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৫২ পিএম 
মন্দিরা রানী পাল ও সুদাম পাল। ছবি : সময়ের আলো
মন্দিরা রানী পাল ও সুদাম পাল। ছবি : সময়ের আলো
প্রধান শিক্ষিকা স্ত্রী মন্দিরা রানী পালের কিডনি দানে নতুন জীবন ফিরে পেয়েছেন সহকারী শিক্ষক সুদাম পাল। বরিশালের গৌরনদী উপজেলার এ শিক্ষক দম্পতির ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মোবাইল ফোনে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ভারতে অবস্থানরত মন্দিরা রানী পালের ভাই সবুজ কুমার পাল।

তিনি আরও জানিয়েছেন-২৪ নভেম্বর ভারতের সময় সকাল ১০টা থেকে ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনে অস্ত্রোপচার শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলা অস্ত্রোপচার শেষে ওইদিন সন্ধ্যায় চিকিৎসকেরা সফলভাবে সার্জারি সম্পন্ন করেছেন।

স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দানের এই ঘটনা পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি করেছে। পাশাপাশি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সফল হওয়ায় উভয় পরিবারের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, স্বামীর জন্য স্ত্রীর এই আত্মত্যাগ ও ভালোবাসা এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

সূত্রমতে, বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মন্দিরা রানী পালের স্বামী সুদাম পাল গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক এবং উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত স্বামী সুদাম পালকে সুস্থ করে তুলতে স্ত্রী মন্দিরা রানী নিজের একটি কিডনি দানের সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেন।

শিক্ষক সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানিয়েছেন, ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদাম ও মন্দিরা দম্পতি। তাদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। 


২০১৯ সালে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারটির সুখের সংসারে নেমে আসে অনিশ্চয়তা ও দুশ্চিন্তার ছায়া।

দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করেও উপযুক্ত কিডনি দাতা পাওয়া যাচ্ছিল না।

অবশেষে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত গ্রহণ করেন স্ত্রী মন্দিরা রানী পাল। 

স্বামীর প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি বলেছিলেন, আমার স্বামী যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ!

তিনি আরো জানিয়েছেন, আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার পর গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসার পরবর্তী কার্যক্রম শুরু হয়।

হাসপাতালের ডিপার্টমেন্ট অব ইউরোলজি, কিডনি ট্রান্সপ্লান্টেশন, রোবোটিক অ্যান্ড ইউরো-অনকোলজির চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে চিকিৎসা ও প্রয়োজনীয় ফলোআপ চলে। সব প্রস্তুতি শেষে ২৪ নভেম্বর হাসপাতালটিতে মন্দিরা রানী ও সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সফল প্রতিস্থাপন  স্ত্রীর কিডনি দান  নতুন জীবন  স্বামী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: