সুদান-মিশর সীমান্তের স্বর্ণখনিতে বিমান হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সুদান ও মিশরের সীমান্তবর্তী এলাকায় স্বর্ণখনিতে বিমান হামলায় অন্তত ১৩ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও

2026-10-11T23:17:56+00:00
2026-10-11T23:17:56+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সুদান-মিশর সীমান্তের স্বর্ণখনিতে বিমান হামলা, নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:১৭ পিএম 
সুদান ও মিশরের সীমান্তবর্তী এলাকায় স্বর্ণখনিতে বিমান হামলায় অন্তত ১৩ জন খনি শ্রমিক নিহত। সংগৃহীত ছবি
সুদান ও মিশরের সীমান্তবর্তী এলাকায় স্বর্ণখনিতে বিমান হামলায় অন্তত ১৩ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন। রোববার (১১ অক্টোবর) সুদান ডক্টরস নেটওয়ার্ক এ তথ্য জানিয়েছে। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)। 

স্থানীয় সময় শনিবার সকালে সুদান, মিশর ও লিবিয়ার সীমান্তবর্তী ত্রিভুজাকার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ওই অঞ্চলে ঐতিহ্যবাহী পদ্ধতিতে স্বর্ণ উত্তোলনের কাজ ব্যাপকভাবে চলে।

সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, হামলার পেছনে কারা রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে সংগঠনটির দাবি, এলাকাটি খালি করে চলে যাওয়ার জন্য মিশরীয় কর্তৃপক্ষ খনি শ্রমিকদের বারবার সতর্ক করেছিল। ওই এলাকা মিশরের অংশ বলে জানা গেছে।

হামলার বর্ণনা দিয়েছেন বেঁচে ফেরা শ্রমিক

হামলা থেকে বেঁচে যাওয়া আবদেল-আজিজ ইউসুফ অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, শনিবার সকালে পাহাড়ি এলাকায় একটি ঐতিহ্যবাহী স্বর্ণখনিতে অজ্ঞাত একটি উড়োজাহাজ থেকে হামলা চালানো হয়।


তিনি বলেন, এতে অনেক মানুষ নিহত ও আহত হন। আরও অনেকে পরবর্তী হামলার আশঙ্কায় এলাকা ছেড়ে পালিয়ে যান।

সুদান ডক্টরস নেটওয়ার্ক আশঙ্কা করছে, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় এবং চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোর সুযোগ সীমিত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সুদানের যুদ্ধে স্বর্ণের ভূমিকা

সুদানের চলমান যুদ্ধে স্বর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটির দারফুর ও কর্দোফান অঞ্চল থেকে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বিপুল পরিমাণ স্বর্ণ পাচার করে নিজেদের কার্যক্রমে অর্থায়ন করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত জুনে সুদান সীমান্তে অভিযান চালিয়ে শত শত মানুষকে আটক করে মিশরের নিরাপত্তা বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে বিদেশি নাগরিকও ছিলেন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে স্বর্ণ উত্তোলন ও চোরাচালানের অভিযোগ আনা হয়েছিল।

২০২৪ সালে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের এক প্রতিবেদনে বলা হয়, সুদানে উত্তোলিত স্বর্ণের ৫০ শতাংশের বেশি দেশের বাইরে পাচার হয়ে যায়।

সূত্র : এপি  

  বিষয়:   সুদান-মিশর  সীমান্ত  স্বর্ণখনি  বিমান  হামলা  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: