জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে রাশিয়া-ইউক্রেন রাজি বলে দাবি ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে

2026-10-11T23:00:58+00:00
2026-10-11T23:00:58+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে রাশিয়া-ইউক্রেন রাজি বলে দাবি ট্রাম্পের, জানেন না জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:০০ পিএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংগৃহীত ছবি
রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে আগে থেকে কিছু জানতেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন। খবর আনাদোলুর।  

পোস্টে ট্রাম্প লেখেন, ‘অবিলম্বে কার্যকর। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে একটি জ্বালানি যুদ্ধবিরতি অর্জিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উভয় পক্ষই এতে সম্মত হয়েছে। এটি ভঙ্গ করবেন না।’ 

ট্রাম্পের ঘোষণার পর মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জেলেনস্কি বলেন, ‘যুদ্ধবিরতির এই ঘোষণাটি আমার জন্য নতুন খবর ছিল। তবে রাশিয়া যদি জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত হয়, তবে ইউক্রেনও সম্মত হবে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি পুতিনের সঙ্গে এটি নিয়ে আলোচনা করে থাকেন, তবে দয়া করে আমাদের জানান, কখন থেকে এই যুদ্ধবিরতি শুরু হচ্ছে। আমরা প্রস্তুত এবং আমরা এটি গ্রহণ করব।’

তবে এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত সেপ্টেম্বরেও ট্রাম্প একই ধরনের একটি যুদ্ধবিরতির দাবি করেছিলেন। তবে সে সময় তাঁর ঘোষণার বাস্তব প্রতিফলন দেখা যায়নি।

রোববার দিনের শুরুতে জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করলে কিয়েভও রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা স্থগিত রাখতে প্রস্তুত। তবে উত্তেজনা কমাতে দুই পক্ষকেই পদক্ষেপ নিতে হবে এবং এ বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা থাকতে হবে বলে জোর দেন তিনি।


জ্বালানির দাম নিয়ে চাপে ট্রাম্প

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে চাপে রয়েছেন ট্রাম্প। তবে এই মূল্যবৃদ্ধির জন্য নিজের শুরু করা ইরান যুদ্ধের পরিবর্তে ইউক্রেন যুদ্ধকে দায়ী করেছেন তিনি।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সাধারণ পেট্রোলের গড় দাম বর্তমানে প্রতি গ্যালন ৪ দশমিক ৩৬ ডলার। এক মাস আগে এই দাম ছিল ৪ দশমিক ৩০ ডলার। আর এক বছর আগে ছিল ৩ দশমিক ০৯ ডলার।

পুতিনের সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তি

জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তির কথা জানান ট্রাম্প। ওই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ করতে সম্মত হয়েছে মস্কো।

তবে চুক্তিটিকে পুতিনের জন্য একটি ‘উপহার’ বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। তাঁর সতর্কতা, রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হলে তা মস্কোকে যুদ্ধ পরিচালনার জন্য অর্থ জোগাতে সহায়তা করবে।

সূত্র : আনাদোলু

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   রাশিয়া-ইউক্রেন  জেলেনস্কি  জ্বালানি স্থাপনা  হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: