সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১১ ভারতীয় নাগরিক আহত হয়েছেন। তাদের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছে রিয়াদে অবস্থিত ভারতের দূতাবাস। শনিবার (১০ অক্টোবর) বিমানবন্দরে ওই হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন।
ভারতের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, আহত ভারতীয়দের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছেন দূতাবাসের কর্মকর্তারা। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
রিয়াদ বিমানবন্দরে বারবার হামলার নিন্দা ভারতের
গত কয়েক দিনে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্যান্য বেসামরিক স্থাপনায় বারবার হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। এসব হামলায় প্রাণহানি, হতাহতের ঘটনা ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করে দেওয়া পৃথক এক বিবৃতিতে ভারত নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে দেশটি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর বারবার হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এসব হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।’
এ ছাড়া সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় দেশটির জনগণ ও সরকারের প্রতি সংহতি প্রকাশ করেছে ভারত। একই সঙ্গে দ্রুত ওই অঞ্চলে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছে দেশটি।
সূত্র : গালফ নিউজ
সময়ের আলো/ইউএমএইচ