প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম

বর্তমানে এক মার্কিন ডলারের বিনিময়ে পাওয়া যাচ্ছে প্রায় ৩০ লাখ রিয়াল । ছবি : সংগৃহীত
বর্তমানে এক মার্কিন ডলারের বিনিময়ে পাওয়া যাচ্ছে প্রায় ৩০ লাখ রিয়াল । ছবি : সংগৃহীতযুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অবরোধের চাপে বড় ধরনের সংকটে পড়েছে ইরানের অর্থনীতি। এর প্রভাব পড়েছে দেশটির মুদ্রাবাজারেও। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দর কমে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে দেশটির মুক্তবাজারে এক মার্কিন ডলারের বিনিময়ে পাওয়া যাচ্ছে প্রায় ৩০ লাখ রিয়াল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (২৮ নভেম্বর) ইরানের মুক্তবাজারে এক ডলারের দাম ছিল ২৯ লাখ ৯২ হাজার রিয়াল। আগের দিন শুক্রবার প্রতি ডলারের বিনিময়মূল্য ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল।
মুদ্রাবাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বোন-বাস্টের তথ্য অনুযায়ী, শনিবার রিয়ালের এই দরপতন রেকর্ড পর্যায়ে পৌঁছায়। অন্যদিকে, অ্যালানচেন্ডের তথ্যেও প্রতি ডলারের বিপরীতে প্রায় ২৯ লাখ ৯৯ হাজার রিয়ালের বিনিময়মূল্য দেখা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও ক্রমবর্ধমান অবরোধের মধ্যে ইরানে মূল্যস্ফীতিও বাড়ছে। এতে, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর আগেই ইরানের অর্থনীতি নানা সংকটে ছিল। যুদ্ধের পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর মধ্যে গত জুলাই থেকে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। ফলে, সমুদ্রপথে পণ্য আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। বিকল্প হিসেবে স্থলপথে পণ্য পরিবহনের চেষ্টা করছে ইরান। তবে, এই পথেও বাণিজ্য সীমিত করতে একটি টাস্কফোর্স গঠন করেছে ওয়াশিংটন।
এর পাশাপাশি, চলতি সপ্তাহে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক অর্থব্যবস্থা থেকে ইরানকে বিচ্ছিন্ন করা এবং দেশটির ছায়া ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করাই নতুন নিষেধাজ্ঞার মূল লক্ষ্য।
সূত্র : রয়টার্স
সময়ের আলো/এসকে