
মিয়ানমারের একটি গ্রামের স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী । ছবি : সংগৃহীত
মিয়ানমারের একটি গ্রামের স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী । ছবি : সংগৃহীতমিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা একটি গ্রামের স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে এক শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন স্কুলশিক্ষার্থী ও বেসামরিক নাগরিক রয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় এক প্রত্যক্ষদর্শী এবং বিরোধী জোট জাতীয় ঐক্যের সরকারের (এনইউজি) একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সিনবাউংওয়ে শহরের একটি স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে এ হামলা চালানো হয়। ওই সময় সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল।
এনইউজি এবং বিরোধী বাহিনীর সঙ্গে যুক্ত স্থানীয় অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ মাগওয়ে ফেডারেল ইউনিট গভর্নমেন্টের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, হামলায় বিমান থেকে ৫০০ পাউন্ড ওজনের চারটি বোমা, ১২টি কামানের গোলা এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়।
এনইউজির মুখপাত্র নে ফোন ল্যাট ও স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, হামলায় ৯ জন বিদ্রোহী যোদ্ধার পাশাপাশি নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
ওই প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় এলাকায় কোনো সংঘর্ষ চলছিল না। বিদ্রোহী যোদ্ধারা মাঝেমধ্যে ওই গ্রামের মধ্য দিয়ে যাতায়াত করতেন বলে জানান তিনি।
তবে, মিয়ানমারের সামরিক বাহিনীর সমর্থক হিসেবে পরিচিত কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের দাবি, বিদ্রোহী বাহিনীর একটি স্নাতক সমাপনী অনুষ্ঠান ও সমাবেশকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছিল। শনিবার (২৮ নভেম্বর) দুপুর পর্যন্ত এ বিষয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি মিয়ানমার সরকারও।
এনইউজির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবরের শেষ পর্যন্ত ৬ হাজার ৬৫৩টি পৃথক ঘটনায় সামরিক বাহিনী ১৫ হাজার ৩২৭ বার বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ৬ হাজার ৪৬৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬২টি স্কুল ও ৮৪৮টি ধর্মীয় স্থাপনা।
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এনইউজি ও স্থানীয় অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ। তাদের দাবি, বেসামরিক মানুষের ওপর এ ধরনের হামলা যুদ্ধাপরাধ এবং জেনেভা কনভেনশনের লঙ্ঘন। ভবিষ্যতে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তারা হামলার প্রমাণ সংগ্রহ করছে বলেও যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।
একই সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে উড়োজাহাজের জ্বালানি, গোলাবারুদ ও ড্রোন প্রযুক্তি সরবরাহ বন্ধ করতে জাতিসংঘ, আসিয়ান এবং প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা।
এ দিকে, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তবে, বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) হামলায় হতাহতের সংখ্যা ও ঘটনার বিবরণ রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
উল্লেখ্য, এর এক সপ্তাহ আগে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রায় দেওয়া হয়।
সময়ের আলো/এসকে