
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে নির্বাসন—বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন উদাহরণ কম নয়। একসময় যাদের নির্দেশে চলত গোটা দেশ, ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদেরই আশ্রয় নিতে হয়েছে বিদেশের মাটিতে। কারও বিরুদ্ধে উঠেছে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, কেউ আবার গণবিক্ষোভের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাদের কেউ কেউ নির্বাসিত অবস্থায় বিদেশেই শেষনিশ্বাস ত্যাগ করেছেন।
আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘোষণাকে ঘিরে আবারও আলোচনায় এসেছে নির্বাসিত নেতাদের প্রসঙ্গ। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে দোষী সাব্যস্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। ঘোষণামতো তিনি দেশে ফিরবেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
ইদি আমিন
আফ্রিকার ইতিহাসে অন্যতম কুখ্যাত স্বৈরশাসক হিসেবে পরিচিত উগান্ডার সাবেক প্রেসিডেন্ট ইদি আমিন। ১৯৭১ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় ছিলেন তিনি। ইতিহাসে তিনি পরিচিত ‘দ্য বুচার অব কাম্পালা’ বা ‘কাম্পালার কসাই’ নামে।
১৯৭১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন ইদি আমিন। তার শাসনামলে উগান্ডাজুড়ে রাজনৈতিক দমন-পীড়ন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। বিভিন্ন সূত্রের হিসাবে, তার আট বছরের শাসনামলে প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়।
১৯৭৮ সালে প্রতিবেশী তানজানিয়ায় আক্রমণ চালান ইদি আমিন। এর জবাবে তানজানিয়ার সেনাবাহিনী ও উগান্ডার বিদ্রোহীরা পাল্টা অভিযান চালালে ১৯৭৯ সালে তার শাসনের পতন ঘটে। প্রথমে লিবিয়া, পরে সৌদি আরবে আশ্রয় নেন তিনি। জীবিত অবস্থায় আর দেশে ফিরতে পারেননি। ২০০৩ সালের ১৬ আগস্ট সৌদি আরবের জেদ্দায় নির্বাসিত অবস্থায় তার মৃত্যু হয়। অঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয়েছিল বলে জানা যায়।
ফার্দিনান্দ মার্কোস
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসও রয়েছেন এই তালিকায়। ১৯৬৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত প্রায় দুই দশক দেশটির ক্ষমতায় ছিলেন তিনি। শাসনের শুরুর দিকে অবকাঠামো ও শিক্ষাক্ষেত্রে উন্নয়নের কারণে জনপ্রিয়তা অর্জন করেছিলেন মার্কোস।
তবে পরবর্তী সময়ে তার শাসনামলে ব্যাপক দুর্নীতি, রাজনৈতিক দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। সংবাদমাধ্যমের স্বাধীনতাও খর্ব করা হয়। শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের মুখে ১৯৮৬ সালের ২৫ ফেব্রুয়ারি সপরিবারে দেশ ছাড়েন তিনি। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আশ্রয় নেন মার্কোস। সেখানেই নির্বাসিত অবস্থায় ১৯৮৯ সালে তার মৃত্যু হয়।
মার্কোসের মরদেহ দেশে ফিরিয়ে নেওয়ার আবেদন জানায় তার পরিবার। বিষয়টি নিয়ে ফিলিপাইনে বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়। প্রথমে মরদেহ ফেরানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয়।
আশরাফ গনি
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিও ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছাড়তে বাধ্য হন। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি বিশ্বব্যাংকে কাজ করেন। ২০০১ সালে তালেবান শাসনের পতনের পর আফগানিস্তানে ফিরে অর্থমন্ত্রী ও কাবুল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৪ ও ২০১৯ সালে নির্বাচনের মাধ্যমে পরপর দুই মেয়াদে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন গনি। তবে ২০২১ সালের ১৫ আগস্ট মার্কিন সেনা প্রত্যাহারের প্রেক্ষাপটে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। পরে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন তিনি। বর্তমানে সেখানেই অবস্থান করছেন বলে জানা যায়।
সূত্র : সংবাদ প্রতিদিন
সময়ের আলো/কেএইচও