
মিন অং হ্লায়িং। ছবি: রয়টার্স
মিন অং হ্লায়িং। ছবি: রয়টার্স রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়ের কিছু নির্দেশনা না মানার ঘোষণা দিয়েছেন দেশটির জান্তা-নেতা থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং। তিনি বলেছেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মিয়ানমার যা করা উপযুক্ত মনে করবে, তা-ই করবে। তবে যেসব নির্দেশনা তাদের কাছে ‘অনুপযুক্ত’ মনে হবে, সেগুলো মানবে না।
গত বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এ অবস্থান জানান। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তার বক্তব্য প্রকাশিত হয়। ১৯ নভেম্বর আইসিজের রায় ঘোষণার পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। তবে কোন কোন নির্দেশনা মিয়ানমার মানবে না, তা সুনির্দিষ্ট করে বলেননি তিনি।
মিন অং হ্লাইং রায়টিকে মিয়ানমারের বিরুদ্ধে ‘একপক্ষীয় অভিযোগ’ বলে উল্লেখ করেছেন। তার দাবি, ‘গণহত্যা’ শব্দটি ব্যবহারের কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আদালতের রায়ে হতাশা প্রকাশ করে। তাদের বক্তব্য, ১৫ বিচারকের মধ্যে ৯ জনের সংখ্যাগরিষ্ঠ মতামতে রায় দেওয়া হয়েছে এবং ছয়জন বিচারক ভিন্নমত দিয়েছেন।
আইসিজের ঐতিহাসিক রায় : গত ১৯ নভেম্বর পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় আইসিজে রায় দেন। এতে বলা হয়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যা করেছে। রোহিঙ্গাদের হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং জনগোষ্ঠীটির অস্তিত্ব বিনাশের উদ্দেশ্যে বিভিন্ন কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছেন আদালত। গণহত্যা সনদ লঙ্ঘনের জন্য কোনো রাষ্ট্রকে দায়ী করে এটিই আইসিজের প্রথম রায়।
২০১৭ সালের ওই সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। মিয়ানমার অবশ্য শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছিল। তবে আইসিজে মিয়ানমারের এ যুক্তি গ্রহণ করেননি।
রায়ে মিয়ানমারকে গণহত্যা সনদের বাধ্যবাধকতা পুরোপুরি কার্যকর করতে আইন প্রণয়ন, গণহত্যায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজন হলে বিচার, ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকানোর নিশ্চয়তা এবং রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ব্যবস্থাও করতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে।
আইসিজের রায় চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্বভাবে রায় বাস্তবায়নে বাধ্য করার ক্ষমতা নেই। কোনো রাষ্ট্র নির্দেশনা না মানলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে। ফলে রায় কার্যকরে আন্তর্জাতিক রাজনৈতিক চাপ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি