
চলতি বছর বৈশ্বিক বিমান পরিবহন খাতের জ্বালানি ব্যয় ৪০ শতাংশ বেড়ে ৩৫০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে । ছবি : সংগৃহীত
চলতি বছর বৈশ্বিক বিমান পরিবহন খাতের জ্বালানি ব্যয় ৪০ শতাংশ বেড়ে ৩৫০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে । ছবি : সংগৃহীতমধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়েছে বিশ্ব বিমান পরিবহন খাতে। যুদ্ধ পরিস্থিতিতে জেট ফুয়েলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পরিচালন ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে বিভিন্ন দেশের বিমান সংস্থা। জ্বালানি ব্যয় বৃদ্ধি, সংঘাতপূর্ণ আকাশসীমা এড়িয়ে দীর্ঘ পথে উড়োজাহাজ পরিচালনা এবং পরিচালন ব্যয়ের চাপ মিলিয়ে কমছে প্রতিষ্ঠানগুলোর মুনাফা। পরিস্থিতি সামাল দিতে কোথাও বাড়ানো হচ্ছে টিকিটের দাম, কোথাও কমানো হচ্ছে ফ্লাইটের সংখ্যা।
আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বৈশ্বিক বিমান পরিবহন খাতের জ্বালানি ব্যয় ৪০ শতাংশ বেড়ে ৩৫০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। অন্যদিকে, এ খাতের নিট মুনাফা গত বছরের ৪৫ বিলিয়ন ডলার থেকে কমে ২৩ বিলিয়ন ডলারে নেমে আসার আশঙ্কা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবরের শেষ দিকে মধ্যপ্রাচ্যে জেট ফুয়েলের দাম ব্যারেলপ্রতি ১৬৪ দশমিক ৩৯ ডলারে পৌঁছায়। গত বছরের একই সময়ের তুলনায় এ দাম ৯৬ শতাংশ বেশি। সাধারণত বিমান সংস্থাগুলোর মোট পরিচালন ব্যয়ের প্রায় এক-তৃতীয়াংশই ব্যয় হয় জ্বালানি খাতে। ফলে জ্বালানির মূল্যবৃদ্ধি সরাসরি প্রভাব ফেলছে প্রতিষ্ঠানগুলোর আয়ে।
এর সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধের কারণে আকাশপথ পরিবর্তনের বাড়তি খরচ। সংঘাতপূর্ণ আকাশসীমা এড়িয়ে চলতে গিয়ে অনেক বিমান সংস্থাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এতে উড়োজাহাজের জ্বালানি খরচ ও পরিচালন ব্যয় আরও বেড়ে যাচ্ছে।
সবচেয়ে বেশি চাপে উপসাগরীয় বিমান সংস্থাগুলো
মধ্যপ্রাচ্যে সংঘাতের কেন্দ্রের কাছাকাছি অবস্থানের কারণে সবচেয়ে বেশি চাপে রয়েছে উপসাগরীয় অঞ্চলের বিমান সংস্থাগুলো। দুবাইভিত্তিক এমিরেটস গ্রুপ ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ছয় মাসে ১ দশমিক ১ বিলিয়ন ডলার কর-পূর্ব মুনাফা করেছে। তবে, আঞ্চলিক পরিস্থিতি ও জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ কাটেনি।
আবুধাবিভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজের প্রধান নির্বাহী জানিয়েছেন, জ্বালানির বাড়তি দাম ও আঞ্চলিক সংঘাতের প্রভাবে চলতি বছর প্রতিষ্ঠানটির আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখাই বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, কাতার এয়ারওয়েজের মুনাফা প্রায় ৭ শতাংশ কমেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত ও জ্বালানি ব্যয়ের চাপ যে আঞ্চলিক বিমান পরিবহন খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে, এসব পরিসংখ্যানে তার প্রতিফলন দেখা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রেও বাড়ছে পরিচালন ব্যয়
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের বড় বিমান সংস্থাগুলোর ওপরও। আমেরিকান এয়ারলাইনস চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ২৬৯ মিলিয়ন ডলার লোকসান করেছে।
অন্যদিকে, ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে চলতি বছর তাদের ব্যয় গত বছরের তুলনায় ৬ বিলিয়ন ডলার বাড়তে পারে। এতে প্রতিষ্ঠানটির মুনাফার ওপর বড় ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
টিকিটের দাম বাড়াচ্ছে ইউরোপের সংস্থাগুলো
ইউরোপের বিমান পরিবহন প্রতিষ্ঠানগুলোও বাড়তি জ্বালানি ব্যয়ের চাপ সামলাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। লুফথানসা ও এয়ার ফ্রান্স-কেএলএম টিকিটের দাম বাড়িয়ে মুনাফা ধরে রাখার চেষ্টা করছে।
তবে স্বল্প খরচের বিমান সংস্থা ইজিজেটের পরিস্থিতি আরও কঠিন। জ্বালানি ব্যয় বৃদ্ধির প্রভাবে প্রতিষ্ঠানটির কর-পূর্ব মুনাফা ৯৬ শতাংশ কমে ২৪ মিলিয়ন পাউন্ডে নেমে এসেছে। ব্যয় নিয়ন্ত্রণে শীতকালীন সূচিতে হাজার হাজার ফ্লাইট বাতিলের সিদ্ধান্তও নিয়েছে সংস্থাটি।
সম্প্রসারণের বদলে সক্ষমতা নিয়ন্ত্রণে নজর
তুরস্কের টার্কিশ এয়ারলাইনস তৃতীয় প্রান্তিকে ৯২৯ মিলিয়ন ডলার পরিচালন মুনাফা করেছে। তবে, জ্বালানির মূল্যবৃদ্ধি ও অনিশ্চিত পরিস্থিতির কারণে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যমাত্রা কমিয়েছে প্রতিষ্ঠানটি।
বিনিয়োগ ব্যাংক ইউবিএসের বিশ্লেষণেও বিশ্ব বিমান পরিবহন খাতের এই পরিবর্তনের চিত্র উঠে এসেছে। সংস্থাটির মতে, জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় বিমান সংস্থাগুলো এখন ব্যবসা সম্প্রসারণের চেয়ে বিদ্যমান সক্ষমতা নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দিচ্ছে।
ইউবিএসের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের শেষ প্রান্তিকে ইউরোপে স্বল্পপাল্লার ফ্লাইট পরিচালনার সক্ষমতা বৃদ্ধির হার শূন্যে নেমে আসতে পারে। ২০২৭ সালের দ্বিতীয় প্রান্তিকে এ সক্ষমতা ১ শতাংশ কমে যাওয়ারও আশঙ্কা রয়েছে।
সব মিলিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধি ও ভূরাজনৈতিক অস্থিরতা বিশ্ব বিমান পরিবহন খাতের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিমান সংস্থাগুলোর মুনাফা আরও কমার পাশাপাশি যাত্রীদের টিকিটের জন্য বাড়তি অর্থ গুনতে হতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি
সময়ের আলো/এসকে