প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:০৯ পিএম

ইয়েমেনের তাইজ প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট । ছবি : সংগৃহীত
ইয়েমেনের তাইজ প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট । ছবি : সংগৃহীতইয়েমেনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের মধ্যে। সৌদির একটি তেল পরিশোধনাগারে হুথিদের হামলায় বিদেশি কর্মী নিহত হওয়ার এক দিন পর ইয়েমেনের তাইজ প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু।
শুক্রবার (২৭ নভেম্বর) ইয়েমেনের পূর্বাঞ্চলীয় তাইজ প্রদেশের আল-তুবরা এলাকায় এ হামলা চালানো হয়। হুথি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবা নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সূত্র।
সাবা নিউজের প্রতিবেদনে বলা হয়, আল-তুবরা এলাকায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালানো হলে হতাহতের এ ঘটনা ঘটে। একই সময়ে সা’দা অঞ্চলে জ্বালানিবাহী ট্যাংকার লক্ষ্য করেও বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।
এর আগে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সৌদি আরবের জাজান অঞ্চলের একটি তেল পরিশোধনাগারে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। ওই হামলায় সেখানে কর্মরত এক বিদেশি নাগরিক নিহত হন। এর পরদিনই ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলার ঘটনা ঘটল।
গত জুলাইয়ে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর থেকে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়ে আসছে। পাল্টা জবাবে হুথিরাও সৌদির তেল স্থাপনা, বিমানবন্দর এবং রাজধানী রিয়াদকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশটির বিস্তীর্ণ এলাকা দখলে নেয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। ২০২২ সাল পর্যন্ত টানা সাত বছর বিমান হামলা চালিয়েও হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে সরাতে পারেনি জোটটি।
পরে, জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে গত জুলাইয়ে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি জোটের হামলার পর পরিস্থিতির আবারও অবনতি ঘটে। একই সময়ে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনী স্থল অভিযান শুরু করলে দেশটিতে নতুন করে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়।
সূত্র: সাবা নিউজ
সময়ের আলো/এসকে