
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হচ্ছে শিল্পীদের কাজের নকল সংস্করণ। সেসব ছবি ও শিল্পকর্ম আবার আসল শিল্পীর নাম-পরিচয় ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন স্টোরে বিক্রির জন্যও তোলা হচ্ছে। এতে একদিকে যেমন স্বতন্ত্র শিল্পীদের সৃজনশীল কাজের স্বত্ব ঝুঁকিতে পড়ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ব্যবসা ও জীবিকা। পরিস্থিতি সামাল দিতে কেউ কেউ ফেসবুক-ইনস্টাগ্রাম ছেড়ে দিচ্ছেন, আবার অনেকে এসব প্ল্যাটফর্মে নিজেদের উপস্থিতি সীমিত করছেন।
যুক্তরাজ্যের জলরঙ শিল্পী ম্যাটি বার্নহ্যামের অভিজ্ঞতাও এমনই। ২০২৪ সালে পিন্টারেস্টে একটি অ্যাকাউন্ট খুঁজে পান তিনি। সেখানে তার আঁকা জলরঙের ছবিগুলো এআই দিয়ে নতুন করে তৈরি করে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছিল। এসব ছবি বিক্রির উদ্দেশ্যে শপিফাই, ফেসবুক ও ইনস্টাগ্রামে ভুয়া প্রোফাইলও খোলা হয়।
বার্নহ্যাম অনুসন্ধান করে পিন্টারেস্ট অ্যাকাউন্টটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। সেটি ছিল ভিয়েতনামের হো চি মিন সিটিতে। তবে ওই অ্যাকাউন্টের পেছনে কারা রয়েছে, তা জানতে পারেননি তিনি।
বার্নহ্যামের মতে, এআই দিয়ে তৈরি শিল্পকর্মের প্রোফাইলগুলো ফেসবুক থেকে আয় করছে। এসব অ্যাকাউন্টের লাখ লাখ অনুসারী রয়েছে। অনুসারীরা অনেক সময় সেগুলোকে প্রকৃত শিল্পীর অ্যাকাউন্ট বলে মনে করেন। পরে বিভিন্ন বিজ্ঞাপনযুক্ত ওয়েবসাইটে তাদের নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, ‘এআই দিয়ে তৈরি শিল্পকর্মের প্রোফাইলগুলো ফেসবুক থেকে আয় করছে। এদের লাখ লাখ অনুসারী রয়েছে, যারা মনে করে এই ভুয়া প্রোফাইলগুলোই আসল শিল্পীর। এরপর তারা ব্যবহারকারীদের নানা ওয়েবসাইটে নিয়ে যায়, যেখানে বিজ্ঞাপন রয়েছে।’
এ ধরনের অভিজ্ঞতা শুধু বার্নহ্যামের একার নয়। এআইয়ের কারণে কাজের স্বত্ব ও ব্যবসা নিয়ে উদ্বেগ বাড়ায় অনেক স্বতন্ত্র শিল্পী মেটার মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য প্ল্যাটফর্ম থেকে সরে যাওয়ার কথা ভাবছেন। কেউ পোস্ট দেওয়া বন্ধ রেখেছেন, কেউ আবার এসব মাধ্যম পুরোপুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিকল্প হিসেবে প্যাট্রন ও সাবস্ট্যাকের মতো অনলাইন ক্রিয়েটর কমিউনিটির দিকেও ঝুঁকছেন অনেকে।
সোসাইটি অব ইলাস্ট্রেটর্সের বোর্ড সদস্য টিম ও'ব্রায়েন মনে করেন, শিল্পীদের কাজ ব্যবহারের ক্ষেত্রে তাদের অর্থবহ সম্মতি এবং ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অনুমতি ছাড়া তাদের সৃষ্টিকর্ম ব্যবহার করা হলে তা চ্যালেঞ্জ জানানোর সহজ সুযোগও থাকা প্রয়োজন।
ও'ব্রায়েনের ভাষায়, ‘অনেক শিল্পীর কাছে এটি কেবল একটি আইনি বিরোধ নয়। এটি জীবিকা, সৃজনশীল মালিকানা, সম্মতি এবং মৌলিক ন্যায্যতার প্রশ্ন।’
মেটার প্রস্তাবিত শর্তাবলির একটি বিষয় নিয়েও শিল্পীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। এতে এমন সুযোগ রাখার কথা বলা হয়েছিল, যার আওতায় স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবসায়িক অ্যাকাউন্টের মালিকদের অনুমতি ছাড়াই বাইরের ওয়েবসাইট থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ বা স্ক্র্যাপ করতে পারবে।
এই তথ্য সংগ্রহের আওতায় ব্যক্তিগত পোর্টফোলিও, অনলাইন স্টোর এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসে থাকা ব্যবসায়িক অ্যাকাউন্টের লিংকও অন্তর্ভুক্ত ছিল।
শর্তাবলির পরিবর্তনগুলো প্রথমে ৩০ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা ছিল। পরে সময়সীমা পিছিয়ে ২০ নভেম্বর নির্ধারণ করা হয়। তবে ৫ নভেম্বর মেটা জানায়, প্রস্তাবিত পরিবর্তনগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।
মেটার এক মুখপাত্র বলেন, ‘সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে এবং বিষয়টি সঠিকভাবে সম্পন্ন করতে আমরা সময় নিচ্ছি। তাই পরিবর্তনগুলো আমরা আপাতত স্থগিত রাখছি। এর মধ্যে আমাদের বিদ্যমান শর্তাবলিই কার্যকর থাকবে।’
তবে পরিবর্তন কার্যকরের সিদ্ধান্ত স্থগিত হলেও শিল্পীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ কমেনি। প্রস্তাবিত শর্তাবলির বিরোধিতা করে এরই মধ্যে অনেকে মেটার প্ল্যাটফর্ম ছেড়েছেন বা নিজেদের অ্যাকাউন্টের ব্যবহার সীমিত করেছেন।
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসনে অবস্থিত ‘ডাচার ফটোগ্রাফি’র সহমালিক সামান্থা ওয়ালড্রন এ মাসের শুরুতেই তার সব ব্যক্তিগত ও ব্যবসায়িক ফেসবুক পেজ মুছে দিয়েছেন। সিএনএনকে তিনি জানান, এরপর ইনস্টাগ্রামের ব্যবসায়িক অ্যাকাউন্টগুলো ব্যক্তিগত অ্যাকাউন্টে রূপান্তর করেছেন। পাশাপাশি অধিকাংশ পোস্ট সরিয়ে ফেলেছেন এবং মেটা অ্যাকাউন্টের বায়ো থেকে বাইরের ওয়েবসাইটের সব লিংক মুছে দিয়েছেন।
ওয়ালড্রনের ভাষায়, ‘এটি ছিল ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়া শেষ আঘাত, যা দীর্ঘদিন ধরেই জমে উঠছিল। সামনের দিকে এগোতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকার দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পেরে আমি স্বস্তি বোধ করছি।’
শিল্পীদের আশঙ্কা, প্রস্তাবিত শর্তাবলি কার্যকর হলে তাদের অজান্তেই ব্যক্তিগত ছবি, শিল্পকর্ম, কাজের ধরন ও মালিকানাধীন সৃষ্টিকর্ম সংগ্রহ করে জেনারেটিভ এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা সম্ভব হতো। পরে এসব মডেল দিয়ে মানুষের তৈরি শিল্পকর্মের হুবহু অনুকরণ কিংবা বিকল্প সংস্করণ তৈরি করা যেত। এতে সংশ্লিষ্ট শিল্পীদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসায় অবস্থিত ‘কাউগার্ল আর্টিস্টস অব আমেরিকা’র প্রতিষ্ঠাতা মেগান উইম্বার্লিও মেটার সব অ্যাকাউন্ট মুছে ফেলার প্রক্রিয়ায় রয়েছেন। তার মতে, নতুন শর্তাবলির উদ্যোগ আস্থার বড় ধরনের লঙ্ঘন।
উইম্বার্লি মনে করেন, এআইয়ের মাধ্যমে তথ্য সংগ্রহের সম্ভাব্য ঝুঁকি শুধু শিল্পীদের জন্য নয়, সবার জন্যই উদ্বেগের বিষয়। কারণ, ব্যক্তিগত ছবি, ভিডিও ও অডিও প্রকাশের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।
তিনি বলেন, ‘আমি আসলে মেটাকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে দেখি, যারা এআইয়ের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, আর তাদের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো এখন আর সত্যিকার অর্থে সামাজিক যোগাযোগমাধ্যমের জায়গায় নেই। বরং সেগুলো হয়ে উঠেছে নিজেদের এআইকে প্রশিক্ষণ দেওয়ার বিনামূল্যের লাইসেন্সের মাধ্যম। আপনি যদি একজন মা হন এবং নিজের সন্তানদের ছবি পোস্ট করেন, তবে আপনি সম্ভাব্যভাবে মেটাকে নিজের সন্তানদের ব্যবহার করে তাদের এআই প্রশিক্ষণ দেওয়ার লাইসেন্স দিচ্ছেন।’
প্রস্তাবিত শর্তাবলি কার্যকরের সম্ভাব্য সময় ঘিরেও প্রতিবাদ কর্মসূচি দেখা যায়। ৩০ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত কয়েকজন শিল্পী মেটার প্ল্যাটফর্মে কোনো পোস্ট বা কনটেন্ট শেয়ার না করার সিদ্ধান্ত নেন। তাদের উদ্দেশ্য ছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে নিষ্ক্রিয় থেকে প্রস্তাবিত পরিবর্তনের প্রতিবাদ জানানো।
উইম্বার্লি জানান, ২২ অক্টোবর তিনি ‘মেটা ব্ল্যাকআউট’ নামে একটি প্রচারণা শুরু করেন। পরে সেটি অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে।
দ্য গিল্ড অব আর্টিস্টস অ্যান্ড আর্টিসানসের আর্টিস্টস রিলেশনস ডিরেক্টর নিকোল ম্যাককের ভাষ্য, এআই মডেল প্রশিক্ষণসংক্রান্ত নীতির সম্ভাব্য পরিবর্তনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অনেক শিল্পী মেটার প্ল্যাটফর্ম থেকে নিজেদের অ্যাকাউন্ট সরিয়ে নিতে শুরু করেছেন। মেটার রাজনৈতিক অবস্থান নিয়েও অসন্তোষ রয়েছে কারও কারও। এ কারণে অনেক শিল্পী ফেসবুক ও ইনস্টাগ্রামে বিদায় জানানোর পোস্ট দিয়েছেন।
ম্যাককে বলেন, ‘যেসব শিল্পী নিজেদের কাজ প্রদর্শন ও বিক্রি করতে, গ্রাহকদের সঙ্গে যুক্ত হতে এবং ব্যবসা গড়ে তুলতে এসব প্ল্যাটফর্মের ওপর নির্ভর করেন, তাদের জন্য মেটা ছেড়ে যাওয়া মানে নিজেদের কাজ রক্ষা করা এবং জীবিকা টিকিয়ে রাখার মধ্যে এক কঠিন বেছে নেওয়ার লড়াই।’
এআই দিয়ে তৈরি নকল শিল্পকর্মের কারণে অনলাইনে নিজেদের কাজের প্রচার ও গ্রাহকদের কাছে পৌঁছানোর কৌশলও বদলাতে হচ্ছে শিল্পীদের। তাদের মতে, এআইয়ের মাধ্যমে বিপুল পরিমাণ নকল কনটেন্ট ছড়িয়ে পড়ায় প্রকৃত শিল্পীদের কাজ আলাদা করে চেনানো কঠিন হয়ে উঠছে। এর প্রভাব পড়ছে শিল্পকর্মের বাজার ও জীবিকায়।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রচেস্টারের সমকালীন শিল্পী অ্যান্ড্রু স্কট জানান, গত সেপ্টেম্বরে তার কাজ নকল করার অভিযোগে তিনি এআই আর্ট তৈরি করা এক ব্যক্তিকে সরাসরি বার্তা পাঠান।
স্কটের দাবি, ওই ব্যক্তি স্বীকার করেছিলেন, এআই দিয়ে শিল্পকর্মের ভিডিও তৈরির ক্ষেত্রে তিনি স্কটের মৌলিক কাজকে প্রাথমিক উপাদান হিসেবে ব্যবহার করেছেন। পরে ওই ব্যক্তি ইনস্টাগ্রামে এআই দিয়ে তৈরি ভিডিওগুলো প্রকাশ করেন। এতে দর্শকদের মধ্যে এমন ধারণা তৈরি হয় যে শিল্পকর্মগুলো তিনিই তৈরি করেছেন।
স্কট জানান, তার একটি শিল্পকর্মের এআই সংস্করণসংবলিত পোস্টে পাঁচ কোটি ভিউ হয়েছিল। এসব নকল সংস্করণ তার ব্যবসার কী ধরনের ক্ষতি করতে পারে, তা তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে বুঝিয়ে বলেছিলেন। এরপর ওই ব্যক্তি ইনস্টাগ্রামে তাকে আনফলো করলেও এআই প্রম্পট ব্যবহার করে তার কাজের অনুকরণ অব্যাহত রেখেছেন বলে দাবি করেন স্কট।
কানাডার মৃৎশিল্পী ন্যান্সি চেনও নিজের কাজের ভিডিও প্রকাশের ক্ষেত্রে সতর্ক হয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও পোস্ট করেন, যেখানে বিক্রির জন্য তৈরি পণ্য তৈরির প্রক্রিয়া দেখানো হয়। তবে এসব ভিডিওও এআই মডেল প্রশিক্ষণে ব্যবহৃত হওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন তিনি।
চেন জানান, সাম্প্রতিক সময়ে মেটার প্ল্যাটফর্মে নিজের কাজের নিখুঁত ও পরিচ্ছন্ন ছবি প্রকাশের বিষয়ে সতর্ক রয়েছেন। যদিও এখনো প্ল্যাটফর্মগুলো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেননি।
তিনি বলেন, ‘স্বচ্ছতা যখন অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে, তখন স্বতন্ত্র শিল্পীরা কীভাবে নিজেদের কাজ বিশ্বের সামনে তুলে ধরবেন, তা ভেবে আমি অবাক হই। এআই যেকোনো একক শিল্পীর চেয়ে অনেক দ্রুত এগিয়ে যেতে পারে। তাই দামের দিক থেকে প্রতিযোগিতায় টিকে থাকার এক ধরনের চাপ আমি অবশ্যই অনুভব করি, যদিও আমার মনে হয় আমার পরিশ্রমের মূল্য ইতোমধ্যেই কম দেওয়া হচ্ছে।’
শিল্পীদের উদ্বেগের বড় একটি কারণ হলো, এআই খুব দ্রুত বিপুল পরিমাণ কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দিতে পারে। অন্যদিকে, শিল্পীদের কাজ দিয়ে জেনারেটিভ এআই মডেল কীভাবে প্রশিক্ষিত হচ্ছে, সে বিষয়ে তাদের মতামত নেওয়া হচ্ছে কি না এবং এআইয়ের ক্ষেত্রে কপিরাইট আইন কীভাবে প্রযোজ্য হবে—এসব প্রশ্নও পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
আমেরিকান ইনস্টিটিউট অব গ্রাফিক আর্টসের বোর্ড সদস্য আইজায়া স্টেইনফেল্ড নিজেও এআই ব্যবহার করে কাজ করেন। তার মতে, শিল্পীদের অধিকার সুরক্ষিত রাখা এবং নতুন প্রযুক্তি গ্রহণ করা—দুটিকে পরস্পরবিরোধী হিসেবে দেখার প্রয়োজন নেই।
তিনি বলেন, শিল্পীরা এখনো নিজেদের কাজের কপিরাইট নিবন্ধন করতে পারেন। স্বত্ব লঙ্ঘনের অভিযোগ তুলতে পারেন এবং অনুমতি ছাড়া তৈরি বা প্রকাশিত অনুলিপি সরিয়ে নেওয়ার উদ্যোগ নিতে পারেন।
মেটাও জানিয়েছে, তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিপোর্টিং সেন্টারের মাধ্যমে শিল্পীরা এআই দিয়ে পরিচয় নকল করার ঘটনা সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন। একই সঙ্গে অনুমোদনহীন কনটেন্ট সরিয়ে নেওয়ার অনুরোধও পাঠাতে পারবেন।
স্টেইনফেল্ড বলেন, ‘তাই উৎসের স্বীকৃতি বা প্রমাণের বিষয়টি উভয় দিক থেকেই কার্যকর হতে হবে—শিল্পীদের কাজ আত্মসাৎ হওয়া থেকে যেমন রক্ষা করতে হবে, তেমনি যারা নতুন (এআই) টুল ব্যবহার করছেন, তাদের প্রকৃত অবদানও যেন মুছে না যায়, তা নিশ্চিত করতে হবে।’
এদিকে এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও ও অডিও শনাক্ত করার একটি টুলও উন্মুক্ত করেছে গুগল। চলতি মাসে সাধারণ মানুষের ব্যবহারের জন্য ‘সিন্থআইডি ডিটেক্টর’ নামে অনলাইন সেবাটি চালু করা হয়। বিনা মূল্যে ব্যবহারযোগ্য এই টুলে যে কেউ ফাইল আপলোড করে যাচাই করতে পারবেন, সেটি গুগল কিংবা ওপেনএআই, এনভিডিয়া ও কাকাওয়ের মতো অংশীদার প্রতিষ্ঠানের এআই দিয়ে তৈরি কি না।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের কাজ প্রকাশ করা উচিত কি না, তা নিয়ে এখনো দ্বিধায় রয়েছেন অনেক শিল্পী।
বার্নহ্যাম মনে করেন, শিল্পীদের সুরক্ষায় যথেষ্ট পদক্ষেপ নেওয়া হবে কি না, তা নিয়ে তার আস্থা নেই। তার অভিযোগ, যুক্তরাজ্য সরকার শিল্পীদের সুরক্ষার চেয়ে লাভজনক প্রযুক্তি স্টার্টআপগুলোর ওপর বিধিনিষেধ আরোপ না করার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না যে শিল্পীদের সুরক্ষায় যথেষ্ট পদক্ষেপ নেওয়া হবে। যুক্তরাজ্য সরকার শিল্পীদের সুরক্ষা দেওয়ার চেয়ে লাভজনক স্টার্টআপ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সীমাবদ্ধ না রাখার বিষয়েই বেশি উদ্বিগ্ন বলে মনে হচ্ছে। আমার আশা, সাধারণ মানুষ বর্তমান মডেলের এই জেনারেটিভ এআইকে প্রত্যাখ্যান করা অব্যাহত রাখবে।’
এ বিষয়ে যুক্তরাজ্যের ডিজিটাল, সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া দপ্তরের এক মুখপাত্র জানান, সরকার সৃজনশীল শিল্পী, সংশ্লিষ্ট খাতের বিভিন্ন সংগঠন এবং এআই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিস্তৃত পরিসরে আলোচনা করেছে। বিষয়টির সমাধানে সঠিক পথ নিশ্চিত করতেই সময় নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি আমাদের সৃজনশীল শিল্প এবং এআই খাতের জন্য কার্যকর নয়—এমন কোনো পদক্ষেপ নিয়ে আমরা এগোব না।’
সময়ের আলো/এসএকে