বিশ্বজুড়ে মিঠাপানির ভয়াবহ সংকট, কমেছে নদী-হ্রদের পানির স্তর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে পৃথিবীর পানিসম্পদে দেখা দিয়েছে উদ্বেগজনক পরিবর্তন। ২০২৩ ও ২০২৪ সালে রেকর্ড তাপমাত্রার কারণে বিশ্বজুড়ে নদীর পানিপ্রবাহ এবং

2026-11-27T17:28:49+00:00
2026-11-27T17:28:49+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
গবেষণা
বিশ্বজুড়ে মিঠাপানির ভয়াবহ সংকট, কমেছে নদী-হ্রদের পানির স্তর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম 
১৯৯১ সালের পর ২০২৩ ও ২০২৪ সালে ভূপৃষ্ঠের মিঠাপানির পরিমাণ সবচেয়ে বেশি কমেছে । ছবি : সংগৃহীত
১৯৯১ সালের পর ২০২৩ ও ২০২৪ সালে ভূপৃষ্ঠের মিঠাপানির পরিমাণ সবচেয়ে বেশি কমেছে । ছবি : সংগৃহীত
বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে পৃথিবীর পানিসম্পদে দেখা দিয়েছে উদ্বেগজনক পরিবর্তন। ২০২৩ ও ২০২৪ সালে রেকর্ড তাপমাত্রার কারণে বিশ্বজুড়ে নদীর পানিপ্রবাহ এবং হ্রদ ও জলাধারের পানির স্তরে নজিরবিহীন পতন ঘটেছে। গবেষণায় দেখা গেছে, ১৯৯১ সালের পর এই দুই বছরে ভূপৃষ্ঠের মিঠাপানির পরিমাণ সবচেয়ে বেশি কমেছে। এতে জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে বিশ্বজুড়ে নিরাপদ পানির সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

চীনা বিজ্ঞান একাডেমির নেতৃত্বে পরিচালিত এক আন্তর্জাতিক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, ২০২৩ ও ২০২৪ সালে বিশ্বজুড়ে নদীর পানিপ্রবাহ স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ দশমিক ৭ শতাংশ কমেছে। একই সময়ে হ্রদ ও জলাধারে সঞ্চিত পানির পরিমাণ কমেছে ৯ দশমিক ৫ শতাংশ।

গবেষকদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর পানিচক্রে বড় ধরনের পরিবর্তন ঘটছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ায় মাটি, নদী ও হ্রদ থেকে বেশি আর্দ্রতা শোষিত হচ্ছে। পাশাপাশি ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কারণে বাষ্পীভবনের হারও বাড়ছে। এই আর্দ্রতার বড় অংশ স্থলভাগে বৃষ্টিপাতের পরিবর্তে সমুদ্রের ওপর ভারী বৃষ্টি হিসেবে ঝরে পড়ছে।

এর ফলে, একই সময়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বন্যা ও খরার মতো বিপরীতধর্মী পরিস্থিতি তৈরি হচ্ছে। এমনকি যেসব অঞ্চল ২০২৩ ও ২০২৪ সালে ভয়াবহ বন্যার মুখে পড়েছিল, সেখানেও বছরের বড় একটি সময় নদীর পানিপ্রবাহ স্বাভাবিকের তুলনায় কম ছিল।

গবেষণার তথ্য সংগ্রহে ১৯৯১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বের ১৫০টি প্রধান নদী অববাহিকার পানিপ্রবাহের পরিমাপ এবং ১২ লাখের বেশি হ্রদ ও জলাধারের স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা।

গবেষণার অন্যতম লেখক ড. সুলগ্না মিশ্র বলেন, এই গবেষণা জলবায়ু পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ বৈপরীত্য তুলে ধরেছে। বায়ুমণ্ডল উষ্ণ হলেই স্থলভাগে পানির প্রাপ্যতা বাড়বে, এমন নয়। বিশ্বজুড়ে সামগ্রিক বৃষ্টিপাত বাড়লেও অতিরিক্ত বৃষ্টির বেশির ভাগই সমুদ্রের ওপর হয়েছে। অন্যদিকে, স্থলভাগের অনেক অঞ্চলে দেখা দিয়েছে পানির বড় ধরনের ঘাটতি।

দক্ষিণ আমেরিকায় পানির এই সংকট বিশেষভাবে প্রকট হয়ে উঠেছে। গবেষণায় দেখা গেছে, মহাদেশটির কিছু অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যা হলেও সামগ্রিকভাবে নদীর পানিপ্রবাহ কমেছে ১৭ দশমিক ৮ শতাংশ। একই সময়ে হ্রদ ও জলাধারে পানির পরিমাণ কমেছে ১৬ দশমিক ৫ শতাংশ।

ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার জলবিদ্যা ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সহযোগী অধ্যাপক ড. ই হেই বলেন, ২০২৩ ও ২০২৪ সালে দক্ষিণ আমেরিকার কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ওই দুই বছরে মহাদেশটির নদীগুলোতে স্বাভাবিকের তুলনায় অনেক কম পানি প্রবাহিত হয়েছে। অতিবৃষ্টির কারণে কোনো নদীতে আকস্মিক বন্যা দেখা দিলেও বছরের বাকি সময় পানির স্তর স্বাভাবিকের নিচে থাকতে পারে।

এ দিকে, বিশ্বজুড়ে পানির সরবরাহব্যবস্থা নানা ধরনের ঝুঁকির মুখে পড়ছে। এর মধ্যে রয়েছে শক্তিশালী সুপার এল নিনো, জলবায়ু পরিবর্তনের কারণে তীব্রতর খরা, পানিদূষণ এবং অতিরিক্ত পানি উত্তোলন ও অপব্যবহার।

গবেষকদের আশঙ্কা, মিঠাপানির এই পরিবর্তন জলবায়ু সংকটের অন্যতম গুরুতর প্রভাব হয়ে উঠছে। এতে মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য। পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকায় ভবিষ্যতে ব্যবহারযোগ্য পানির পরিমাণ কতটা কমবে, তা নিরূপণ করাও কঠিন হয়ে পড়ছে।

ব্রিটিশ ইকোলজিক্যাল সোসাইটির পলিসি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ক্রিশ্চিয়ান ডান বলেন, গবেষণার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, মিঠাপানির সম্পদ খুব দ্রুত কমে যেতে পারে। ঐতিহাসিকভাবে আর্দ্র ও পানিসমৃদ্ধ অঞ্চলও এ ঝুঁকির বাইরে নয়। কোনো এলাকায় বন্যা হলেই সেখানে পানির নিরাপত্তা নিশ্চিত রয়েছে, এমনটি ভাবার সুযোগ নেই।

ইউনিভার্সিটি অব রিডিংয়ের জলবায়ুবিজ্ঞানী অধ্যাপক রিচার্ড অ্যালান বলেন, বিশ্বজুড়ে নদীর পানিপ্রবাহ ও হ্রদের জলস্তরের এই নজিরবিহীন পতন প্রমাণ করে, চরম আর্দ্রতা ও চরম শুষ্কতার প্রভাব এখন স্থলভাগের সামগ্রিক পানিব্যবস্থায় স্পষ্ট হয়ে উঠেছে।

তিনি সতর্ক করে বলেন, গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমিয়ে জলবায়ু স্থিতিশীল করা না গেলে এ ধরনের চরম পরিস্থিতি এবং মানুষের ওপর এর নেতিবাচক প্রভাব আরও ভয়াবহ হয়ে উঠবে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   গবেষণা  বিশ্বজুড়ে  মিঠাপানি  ভয়াবহ সংকট  কমেছে  নদী  হ্রদ  পানির স্তর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: